images

বিনোদন

এবার স্টার হোটেলের স্টাফদের বিরুদ্ধে আরশ খানের অভিযোগ 

বিনোদন ডেস্ক

০৮ মার্চ ২০২৬, ১১:৪৮ এএম

রাজধানীর স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মীদের বিরুদ্ধে গ্রাহককে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় এলাকায় জনসন রোডের শাখায় ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে গ্রাহকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় রেস্তোরাঁ কর্মীদের চেয়ার ও পানির বোতল দিয়ে ক্রেতাদের আঘাত করতে দেখা যায়।

এরইমধ্যে গ্রাহকের ওপর স্টার হোটেলের কর্মীদের হামলার সে ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। অনেকে তুলছেন অভিযোগ। সে তালিকায় উঠল অভিনেতা আরশ খানের নাম। 

star

আজ রোববার নিজের ফেসবুকে আরশ লিখেছেন, ‘আজ একটা ভিডিওতে দেখলাম স্টার হোটেলে সব স্টাফ মিলে চেয়ার, প্লেট, কাঁচের গ্লাস দিয়ে একজন ভোক্তাকে মারছে। যদিও আমি কনটেক্সট জানি না। কিন্তু যদি ভোক্তার দোষ থাকে তাকে জব্দ করে পুলিশের হাতে সমর্পণ করা যেত।’ 

এরপর লেখেন, ‘এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কাম্য নয়। আমি নিজেও ভোক্তা হিসেবে দেখেছি স্টার হোটেলের স্টাফদের সার্ভিস ভালোনা। সব সময় তাদের চোখে মুখে বিরক্তি লেগে থাকে।  আপনি যদি অনেক বড় মানুষ না হন বা বড় অর্ডার না করেন তারা একবার খাবার দেবার পর দ্বিতীয়বার তাদের খুঁজে পেতে পেতে খাওয়ার রুচি নষ্ট হয়।’

khan

আরশের কথায়, ‘তারা হয়তো ভুলে গেছে কাস্টমার রা নিজের টাকা দিয়ে খাবার খেতে যান স্টার হোটেলের মালিকের বাপের টাকার খাবার খান না।’ 
সবশেষে অভিনেতা লিখেছেন, ভিডিওতে দেখা যাওয়া স্টাফদের পুলিশের হাতে সমর্পণ না করলে আমাদের উচিৎ স্টার থেকে আর কখনও খাবার না খাওয়া এবং ভোক্তার যদি দোষ থাকে প্রমাণসহ তাকেও পুলিশের কাছে সমর্পণ করা।’

মন্তব্যের ঘরে আরশের সঙ্গে একমত হয়েছে অনেকে। কেউ কেউ আবার প্রতিবাদের জন্য জানিয়েছেন ধন্যবাদ।