বিনোদন প্রতিবেদক
০৪ মার্চ ২০২৬, ০৫:৫১ পিএম
তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। মানিকগঞ্জে রাফাত মজমুদার রিংকুর একটি নাটকের শুটিং চলাকালীন সময়ে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
সামাজিক মাধ্যমে লাইভে এসেও ঘটনাটি জানিয়েছেন সামিয়া। কাঁদতে কাঁদতে তিনি তিশার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেন। যদিও তিশা অস্বীকার করেছেন সামিয়া অথৈয়ের আনীত অভিযোগ। তার দাবি, চরিত্রের প্রয়োজনে চড় মেরেছেন সামিয়া অথৈকে।
এদিকে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম যখন সরগরম তখন ছোটপর্দার শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ এক বিবৃতি প্রকাশ করেছে সামাজিক মাধ্যমে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘কোনো সদস্যের সাথে কোনো প্রকার জটিলতা বা মতভেদ সৃষ্টি হলে তা সংশ্লিষ্ট সংগঠনকে অবহিত না করে উপরন্তু সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রচার করা অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের আচরণবিধির পরিপন্থী।’

আরও বলা হয়, ‘এহেন পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক আলোচনা, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ও সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়েই সমাধান হওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি। কেননা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনা একতরফাভাবে উপস্থাপিত হলে তা একদিকে যেমন সামাজিকভাবে সংশ্লিষ্ট পেশাজীবী সমাজের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে, অন্যদিকে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি ও নেতিবাচকতা ছড়িয়ে দিতে পারে। উল্লেখিত ক্ষেত্রে কোনো সদস্যের আচরণবিধি লঙ্ঘিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিকভাবে যেকোনো ধরনের সিদ্ধান্ত গৃহীত হতে পারে। কেননা অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ দৃঢ়চিত্তে বিশ্বাস করে, দোষী যে-ই হোন না কেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ট্রায়াল’ বা জনমতের আদালত তৈরি না করে বা বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রচার না করে, বরং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমেই উদ্ভূত সমস্যার সমাধান করা সম্ভব।’’
সামিয়া অথৈ কিংবা তানজিন তিশা কি অভিনয় শিল্পী সংঘে অভিযোগ জানিয়েছেন? জানতে চাইলে সংঘের সভাপতি আজাদ আবুল কালাম ঢাকা মেইলকে বলেন, কোনো পক্ষ-ই অভিযোগ করেনি সংঘের কাছে। সে কারণেই সংঘ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।