বিনোদন ডেস্ক
০২ মার্চ ২০২৬, ১১:৪৭ এএম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যৌথ হামলায় ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলা শুরু হওয়ার পর থেকেই ট্রাম্পের ওপর ক্ষিপ্ত তার নিজ দেশের নাগরিকরা। বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। ইরানের ওপর হামলার ঘটনায় চুপ থাকেননি হলিউড তারকারা। অনেকেই মার্কিন প্রেসিডেন্টের কড়া সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
অভিনেতা মার্ক রাফালো এক পোস্টে ট্রাম্প প্রশাসনের কূটনীতিক প্রচেষ্টা নিয়ে সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন, কিছু কৌশল কিংবা নীতি যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। পাশাপাশি কিছু ব্যক্তিকে যুক্ত করা হয়েছে যাতে যুদ্ধকে এগিয়ে নেওয়া যায়।
কমেডি তারকা রোজি ও’ডোনেল লিখেছেন, তিনি (ট্রাম্প) সব সময় মিথ্যা বলেন। এই তারকা মনে করিয়ে দেন, ট্রাম্পের যুদ্ধ ঘোষণা তার নির্বাচনি প্রতিশ্রুতির বিপরীত। তিনি ট্রাম্পের পুরোনো বক্তব্যের উদ্ধৃতি দিয়ে দেখান যে, তিনি শান্তি প্রতিষ্ঠার কথা বলেছিলেন, কিন্তু বাস্তবে তা হচ্ছে না।
সংগীতশিল্পী জ্যাক হোয়াইট সামাজিক মাধ্যমে ট্রাম্পের সমালোচনা করে বলেন, একজন রাষ্ট্রপতি যখন যুদ্ধ ঘোষণা করেন, তখন সেই পদ্ধতি ও বক্তব্য অত্যন্ত সমালোচনাযোগ্য। ট্রাম্প কর্তৃক প্রস্তাবিত একটি নতুন আন্তর্জাতিক উদ্যোগ গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত ‘বোর্ড অব পিস’ উদ্যোগ নিয়েও মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করেন তিনি।
এদিকে অভিনেতা জন কুসাক লেখেন, এই যুদ্ধ শুরু করা সরকারের মনোযোগ অন্য বিষয়ের থেকে সরাতে সাহায্য করছে। এছাড়াও অভিনেত্রী ক্যারি কুন ট্রাম্প প্রশাসনের সামরিক কমিটি নিয়ে ব্যঙ্গ করে লিখেছেন, এটা সত্যিই ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’।
ইএইচ/