বিনোদন ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৯ পিএম
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী ইভা আরমানের কাব্যগ্রন্থ ‘চিঠি’। অন্যপ্রকাশ-এর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।
মোট ৪৮টি কবিতা নিয়ে সাজানো এ বইয়ে উঠে এসেছে মানুষের ভেতরের অপ্রকাশিত অনুভূতি। প্রতিটি কবিতা যেন একেকটি চিঠি; কখনও প্রিয়জনের উদ্দেশে, কখনও নিজের কাছে, কখনও বা সময়ের কাছে। ভালোবাসা, অভিমান, স্মৃতি, অপেক্ষা ও জীবনের সূক্ষ্ম টানাপোড়েন সহজ অথচ হৃদয়গ্রাহী ভাষায় ফুটে উঠেছে বইটির পাতায়। কবিতাগুলো পাঠককে নিজের ভেতরের কথাগুলোর মুখোমুখি দাঁড় করায়, পুরনো অনুভূতিগুলোকে নতুন করে স্পর্শ করতে আহ্বান জানায়।
লেখক বলেন, চিঠি এমন কিছু কথা, যা আমরা বলতে পারি না, কিন্তু মনে জমে থাকে। সেই জমে থাকা কথাগুলোরই সাহিত্যিক রূপ এই বই।
ইভা আরমানের দাদা মো. ইব্রাহিম ছিলেন কলকাতার একজন সুপরিচিত লেখক। শিশু-কিশোরদের জন্য রচিত তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ ‘ছড়াইতি’ (১৯৬৩) ও ‘জলসা’ (১৯৬৮)। ছোটবেলা থেকেই দাদার লেখা পড়তে পড়তে কবিতা, ছড়া ও গল্প লেখার প্রতি আগ্রহ জন্ম নেয় ইভার। সেই দীর্ঘদিনের অনুভব, অভিজ্ঞতা ও অন্তর্গত ভাবনারই পরিণতি এই কাব্যগ্রন্থ ‘চিঠি’।
সংগীতাঙ্গনে ‘ইভা রহমান’ নামে তিনি সুপরিচিত। ২০০৪ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম। এরপর ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে মোট ২৪টি একক অ্যালবাম। কণ্ঠশিল্পী হিসেবে দেশ-বিদেশে অর্জন করেছেন বহু সম্মাননা, যার মধ্যে কলকাতার ‘কলাকার’ অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য। পাশাপাশি নারী ও শিশুদের আর্থ-সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।