বিনোদন ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম
প্রথমবারের মতো টিভি পর্দায় আসছে আলোচিত সিনেমা ‘উৎসব’। এবারের ঈদুল ফিতরে সিনেমাটি দেখা যাবে মাছরাঙা টেলিভিশনে। ঈদের দিন দুপুর ২:২০ মিনিটে প্রচারিত হবে তারকাবহুল এই সিনেমা।
তানিম নূর পরিচালিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্যজ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।
গত বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘উৎসব’। মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের কাছে দারুণ প্রশংসা পায় সিনেমাটি। দেশের পাশাপাশি ইউরোপ-আমেরিকার প্রেক্ষাগৃহগুলোতেও ছবিটি দেখার জন্য ভিড় করেন দর্শকরা।
এদিকে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে মুক্তি পেলেও টিভি পর্দায় এখনও দেখা যায়নি সিনেমাটি। দর্শকদের জন্য এবার সে সুযোগ করে দিচ্ছে মাছরাঙা টেলিভিশন।
নব্বই দশকের আবহে নির্মিত সিনেমাটি গভীর হাস্যরস আর নাটকীয়তায় পরিপূর্ণ। কিংবদন্তি ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের বিখ্যাত গল্প ‘এ ক্রিস্টমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘উৎসব’।