Dhaka Mail Logo

বিনোদন

লাইফ সাপোর্টে সালমানের বাবা, আজই অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬ এএম

বলিউড অভিনেতা সালমান খানের বাবা সেলিম খানের মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে্‌, আজ বুধবার অস্ত্রোপচার করা হবে। 

প্রতিবেদনে আরও জানা যায়, উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় তাঁর। রক্তক্ষরণ শুরু হওয়ার পরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। এই মুহূর্তে সেলিম খানের শারীরিক অবস্থা স্থিতিশীল। 

এদিকে বাবার অসুস্থতার খবর পেয়ে শুটিং বাতিল করে হাসপাতালে ছুটে আসেন সালমান। বর্ষীয়ান চিত্রনাট্যকারের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বলিউড। হাসপাতালে সেলিম খানকে দেখতে আসেন সঞ্জয় দত্ত, আরবাজ খান, সুরা খান, আয়ুষ শর্মা ও অর্পিতা খান। 

salman_farther

বলিউডের স্বর্ণযুগের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। গত বছরের ২৪ নভেম্বর ৯০ বছরে পা দিয়েছেন ‘শোলে’, ‘দিওয়ার’ এবং ‘ডন’-এর মতো অসংখ্য ব্লকবাস্টার সিনেমার রচয়িতা। 

ভারতের ইন্দোরের এক বিখ্যাত পরিবারে জন্ম সেলিম খানের। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে নিজের শহর ছেড়ে মুম্বাইয়ে পাড়ি জমিয়েছিলেন তিনি। অভিনয়ে নাম লিখিয়ে প্রায় এক দশক ধরে পর্দার ছোট ছোট চরিত্রে অভিনয়ের পর তিনি নিজের পথ পরিবর্তন করেন। প্রখ্যাত পরিচালক আবরার আলভির সহকারী হিসেবে কাজ করার সময় তাঁর পরিচয় হয় জাভেদ আখতারের সঙ্গে। এরপরই তৈরি হয় হিন্দি সিনেমার ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় লেখক জুটি ‘সেলিম-জাভেদ’।

সেলিম ও জাভেদ দুজনে মিলে প্রায় দুই ডজন সিনেমার চিত্রনাট্য লিখেছেন। যার বেশিরভাগ ব্লকবাস্টারের তকমা পেয়েছে। ‘ত্রিশূল’, ‘জাঞ্জির’, ‘সীতা অউর গীতা’, ‘হাতি মেরে সাথী’, ‘ইয়াদোঁ কি বারাত’ এবং ‘মিস্টার ইন্ডিয়া’র মতো সিনেমা উপহার দিয়েছেন তারা। 

ইএইচ/