Dhaka Mail Logo

বিনোদন

সোহমের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ এএম

টলিউড অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ অভিযোগ উঠেছে। নিয়োগ দুর্নীতি মামলায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর হাতে গ্রেফতার হওয়া শাহিদ ইমাম, চারু মার্কেট থানায় অভিনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীর দাবি, ‘পাকা দেখা’ ছবিতে বিনিয়োগের উদ্দেশ্যে দেওয়া অর্থের একটি বড় অংশ এখনও ফেরত পাননি তিনি।

অভিযোগপত্রে শাহিদ উল্লেখ করেছেন, ‘পাকা দেখা’ ছবি প্রযোজনার জন্য তিনি সোহম চক্রবর্তী এবং অর্ঘ্য চট্টোপাধ্যায়ের হাতে অর্থ তুলে দেন। পরবর্তীতে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি (এসএসসি) মামলায় গ্রেফতার হয়ে বেশিকিছু কারাবাস করেন। জামিনে মুক্তি পাওয়ার পর একাধিকবার বকেয়া অর্থ ফেরত দেওয়ার অনুরোধ করলেও প্রায় ৬৮ লাখ টাকা এখনও পাওনা রয়েছে। সুদ সমেত টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকার করেন সোহম।  

শাহিদের অভিযোগ, টাকা ফেরত চাওয়ার পর তাঁকে হুমকির মুখেও পড়তে হয়েছে। এমনকি সোহমের এক সহকারীর বিরুদ্ধেও ভয় দেখানোর অভিযোগ তুলেছেন তিনি। প্রথমদিকে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ গুরুত্ব দেয়নি বলেও দাবি করেছেন অভিযোগকারী। পরে অভিনেতার বিরুদ্ধে মামলার জন্য আদালতে আবেদন করেন ওই ভুক্তভোগী। পরবর্তীতে আদালতের নির্দেশে সংশ্লিষ্ট থানা সোহমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলা গ্রহণ করেছে। 

এই বিষয়ে সোহম চক্রবর্তীর পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

অভিনেতা হিসেবে তাঁর প্রথম ছবি তরুণ মজুমদার পরিচালিত ‘চাঁদের বাড়ি’ (২০০৭)। তবে ২০০৯ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘প্রেম আমার’ ছবির মাধ্যমে তিনি রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন। উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘অমানুষ’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’, লে হালুয়া লে’, ‘জামাই ৪২০’, ‘শুধু তোমারই জন্য’। 

ইএইচ/