images

বিনোদন

ওমর সানীর রেস্তোরাঁর কর্মীর হাতে জখম কাস্টমার

বিনোদন ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭ পিএম

অভিনেতা ওমর সানীর 'চাপওয়ালার শ্বশুরবাড়ি’ রেস্তোরাঁর এক ক্রেতাকে কুপিয়ে জখম করেছে রেস্তোরাঁরই এক কর্মী। বেশ কয়েকজনকে মারধরের অভিযোগও পাওয়া গেছে।

 

গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত আটটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

‎ঘটনার দিন ভুক্তভোগী মো. আতিকুর রহমান খান ৪-৫ জন বন্ধু নিয়ে চাপওয়ালার শ্বশুরবাড়ি রেস্তোরাঁয় খেতে যান। সেখানে খেতে যাওয়া কয়েকজন নারী ক্রেতার সঙ্গে রেস্তোরাঁর এক কর্মী অশোভন আচরণ করায় প্রতিবাদ করেন আতিকুর। তাদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে অভিনেতার রেস্তোরাঁয় খেতে আসা আতিকুর ও তার বন্ধুদের ওপর হামলা চালায় রেস্তোরাঁর ককর্মচারী।

‎পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে ভুক্তভোগীরা প্রাণভয়ে দৌড়ে মূল সড়কের দিকে চলে যান। এ সময় অভিযুক্ত মো. ইমরান তাদের ধাওয়া করে ধারালো ছুরি দিয়ে আতিকুর রহমানের পিঠে আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন। আরেক অভিযুক্ত লিখন লাঠি দিয়ে তাকে মারধর করলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। অন্যরাও তাকে ও তার বন্ধুদের মারধর করে। মারধরের এক পর্যায় রেস্তোরাঁর কর্মী আতিকুর পকেটে থাকা টাকাও ছিনিয়ে নেন।

‎স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে আতিকুর রহমানকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

‎জানা গেছে, আহত আতিকুরের চাচা মো. খলিলুল রহমান খান বাদল বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় তেরো জনের নামে একটি লিখিত অভিযোগ করেছেন।

‎'চাপওয়ালার শ্বশুরবাড়ি’ কর্ণধার ওমর সানীর দাবি, লিখন মাদকাসক্ত ও অসদাচরণকারী হওয়ায় এ ধরনের অপকর্ম ঘটিয়েছে। তবে একজন কাস্টমারের সঙ্গে কেন এমন আচরণ করা হলো, সেটি তিনিও বুঝতে পারছেন না। তিনিও এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

‎গণমাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, ঘটনার পর তিনি নিজেই পুলিশ ও সেনাসদস্যদের ফোন করে বিষয়টি অবহিত করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লিখনের কাছ থেকে মুচলেকা নিয়েছেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করেছেন। ব্যস্ততার কারণে এখনও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে সরাসরি কথা বলা হয়নি।