বিনোদন প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম
ভালোবাসা দিবসের রেশ কাটতে না কাটতেই ভক্তদের দুঃসংবাদ দিলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গুরুতর শারীরিক অসুস্থতার কারণে তার মাথায় অস্ত্রোপচার করা হচ্ছে। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
তানিয়া বৃষ্টির পোস্টে দেখা যায়, এক তোড়া ফুল হাতে হাসপাতালের বিছানায় বসে আছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।’

তানিয়া বৃষ্টির অসুস্থতা প্রসঙ্গে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ঢাকা মেইলকে বলেন, ‘আজ বিকেলে বাংলাদেশ স্পেশালাইজড্ হাসপাতালে তার মাথায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হচ্ছে’
অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এক বিবৃতিতে জানানো হয়েছে, অসুস্থকালীন সময় কাজ সংক্রান্ত কোনো ফোন না দেওয়ার জন্য। সেখানে বলা হয়েছে, ‘আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি আপু বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এই মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম এবং চিকিৎসার প্রয়োজন। অনুরোধ করছি, শুটিং ডেট বা কাজ সংক্রান্ত বিষয়ে আপাতত ফোন বা মেসেজ দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশাআল্লাহ তিনি নিজেই সবাইকে জানাবেন।’
অভিনেত্রীর অসুস্থতার খবরে সামাজিক মাধ্যমে তার ভক্ত ও সহকর্মীরা দ্রুত আরোগ্য কামনা করেছেন। অভিনেতা তারিক আনাম লিখেছেন, ‘ইনশাআল্লাহ, সব ঠিক হয়ে যাবে। আপনার দ্রুত সুস্থতা কামনা করি।’ নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তানিয়া বৃষ্টি এই প্রার্থনা।’
ইএইচ/