বিনোদন ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম
দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজনীতির মাঠের পাশাপাশি সরগরম শোবিজ অঙ্গনও। প্রথমবার ভোট দিয়ে আনন্দিত জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মনিরা ন্যান্সি। জানালেন আর কিছুদিন পর ভোট হলে তার কন্যা রোদেলাও ভোটার হতো।
ভোট দিয়ে বের হয়ে গণমাধ্যমকে ন্যান্সি বলেন, ‘ঢাকা থেকে এসে ভোট দেওয়া। একদমই কষ্ট মনে হচ্ছে না। স্বার্থক লাগছে। একইসঙ্গে এটা দুঃখেরও। কেননা এটা আমার প্রথম ভোট। এর আগে যখন ভোটার হই সে বছর অসুস্থ ছিলাম কিংবা কোনো এক কারণে দিতে পারিনি। তারপর যে কয়বার ভোট হয়েছে সেগুলো আধারের ভোট ছিল। ২০১৮ সালে চেষ্টা করেছিলাম ভোট দেওয়ার। কিন্তু কেন্দ্রে গিয়ে দেখি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা। ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না।’
এদিকে নিজে প্রথমবার ভোট দিয়ে জানালেন কয়েক মাস পর নির্বাচন হলে তার মেয়েও ভোট দিতে পারত। ন্যান্সির কথায়, ‘আর কিছুদিন পর অর্থাৎ এপ্রিলের পর নির্বাচন হলে আমার মেয়ে রোদেলা ভোটার হয়ে যেত। তারমধ্যে আমি প্রথমবার ভোট দিচ্ছি। ভীষণ ভালো লাগছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে।’
আজ সকাল আটটা থেকে সারা দেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।