Dhaka Mail Logo

বিনোদন

মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন বুবলী 

বিনোদন ডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম

অনেক দিন ধরেই রটেছে শবনম বুবলীর মা হওয়ার গুঞ্জন। এ নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়ে দিয়েছেন রহস্যময় উত্তর। এতে গুঞ্জনের আগুন উস্কে গেলে আইনের আশ্রয় নেওয়ার হুমকি দেন নায়িকা। সেই রেশ কাটতেই গুঞ্জন, ফের শাকিব খানের সন্তানের মা হতে চলেছেন বুবলী। সন্তান জন্ম দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে।

সংবাদমাধ্যমকে একাধিক সূত্র জানিয়েছে বুবলী এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। শাকিব খানের পরামর্শেই সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বুবলী।

সম্প্রতি একটি ব্র্যান্ডের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বুবলী। সেখানে ব্যক্তিগত জীবন ও চলমান গুঞ্জন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট করে জানান, এ ধরনের বিষয় নিয়ে কথা বলার জন্য নির্দিষ্ট সময় ও পরিবেশের প্রয়োজন রয়েছে।

shakiba_20260205_160934027

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে বুবলী বলেন,‘যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই যখন এসব নিয়ে কথা বলব, তখন সবাইকে সম্মান জানিয়ে বলতে চাই। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে বাংলাদেশটাকে নিরাপদ রাখব—এটাই আমার প্রত্যাশা। আমি একটি সুষ্ঠু পরিবেশ আশা করি।’

আসন্ন ভালোবাসা দিবস নিয়েও নিজের ভাবনার কথা জানান অভিনেত্রী। বুবলী বলেন,‘ভ্যালেন্টাইন মানেই আমার কাছে আমার প্রিয় মানুষগুলো। আমি প্রতিদিনকেই ভালোবাসা দিবসের মতো করে কাটাতে চাই—সবার ভালোবাসা নিয়েই। স্পেশাল প্ল্যান অবশ্যই থাকবে। আর আমার দর্শক, পরিবার ও ভক্তদের ভালোবাসা তো সবসময়ই আমার সঙ্গে আছে।’

শাকিব খানের নাম জড়িয়ে বুবলীর বিদেশযাত্রা নিয়ে যে আলোচনা চলছে, সে প্রসঙ্গেও সতর্ক অবস্থান নেন তিনি। এ বিষয়ে বুবলী বলেন,‘আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি—সবকিছুরই একটা সময় আছে। আজ আমরা একটি গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে এসেছি। এখানে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলা ঠিক হবে না।’

577005092_1422945009188758_5663590130650320352_n_20260122_174237007

তিনি আরও বলেন, ‘সাংবাদিক ভাই-বোনেরা অনেক বিষয় নিয়েই সংবাদ করবেন, দর্শকদেরও জানার আগ্রহ থাকবে—এটাই স্বাভাবিক। এটা নতুন কিছু নয়, যুগ যুগ ধরে সবার ক্ষেত্রেই হয়ে আসছে। তবে আমার অনুরোধ থাকবে, যথাযথ সম্মান বজায় রেখে একজন শিল্পী কিংবা শিল্পীদের উপস্থাপন করা হোক—যেটা আপনারা বরাবরই করে আসছেন।’

২০২২ সালের ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশের মাধ্যমে শাকিবের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আনেন বুবলী। পরে ৩০ সেপ্টেম্বর গণমাধ্যমে তাদের সন্তানের ছবি প্রকাশ হয়। বুবলী ছবি প্রকাশ করে জানান তার সন্তানের পিতা শাকিব। নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে শাকিবও স্বীকার করে নেন সে কথা।

shakib-20221124181553_20231114_175236755

এরপর বাড়ে দূরত্ব। শাকিব একাধিকবার জানান, বুবলীর সঙ্গে সম্পর্ক নেই তার। কিন্তু বুবলী একাধিকবার জানিয়েছেন সম্পর্ক আগের মতোই ঠিকঠাক। গুঞ্জন রয়েছে গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটান বুবলী। তখন তাদের সম্পর্ক নিয়ে নতুন করে কথা ওঠে। এবার উঠেছে ফের মা হওয়ার গুঞ্জন।