বিনোদন প্রতিবেদক
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম
লোকজ সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র ইসলাম উদ্দিন পালাকার পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক। ২০২৬ সালের জন্য নাট্যকলা বিভাগে তার নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। দীর্ঘদিন ধরে লোকসংগীত ও গ্রামীণ পালাগানকে দেশে এবং বিদেশে জনপ্রিয় করে তোলার পেছনে ইসলাম উদ্দিনের বড় ভূমিকা রয়েছে।
একুশে পদক প্রাপ্তি প্রসঙ্গে ঢাকা মেইলকে বলেন, ‘আমার জীবনের সর্বশ্রেষ্ঠ একটি পুরস্কার পাচ্ছি। এটা পেয়ে অনেক গর্ববোধ করছি।’

জীবদ্দশায় এমন একটি রাষ্ট্রীয় সম্মাননার প্রত্যাশা ছিল কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক দিন ধরে আশায় ছিলাম। আমি ভাবতাম, আল্লাহ যদি একটু দয়া করত! আমি যদি একুশে পদক পেতাম তাহলে জীবনটা ধন্য হতো।’
সবশেষে সাংস্কৃতিক মন্ত্রণালয়কে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমাকে পুরস্কারটি ডেওয়ার জন্য সাংস্কৃতিক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই।’