বিনোদন ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম
শ্রীলঙ্কার জনপ্রিয় অভিনেতা হেমাল রানাসিংহকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি একজন ব্যক্তিকে মারধরের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
দেশটির গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ৮ জানুয়ারি কলম্বোর হ্যাভলক সিটি শপিং কমপ্লেক্সে মারধরের ঘটনাটি ঘটে। যেখানে এক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ওঠে।
এই ঘটনার পর জবানবন্দি দেওয়ার জন্য পুলিশ বেশ কয়েকবার অভিনেতাকে তলব করেছিল। কিন্তু নোটিশ দেওয়া সত্ত্বেও অভিনেতা পুলিশের তলবে সাড়া দেননি। হাজিরা দিতে বিলম্ব করায় তদন্তের জন্য তাঁকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। সেদিনের ঘটনার বিষয়ে দীর্ঘ জবানবন্দি রেকর্ড শেষে পুলিশ তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখায়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কান পুলিশের জনসংযোগ বিভাগ জানিয়েছে, মারধরের শিকার সেই ব্যক্তি একজন সাংবাদিক নাকি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে হেমালকে আদালতে তোলা হবে।
ইএইচ/