images

বিনোদন

শাকিব খানের পর দেবের নতুন সিনেমায় ফারিণ?

বিনোদন ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ এএম

‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ। নব্বইয়ের দশকের গ্যাংস্টারের গল্পে নির্মিত সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। শ্রীলঙ্কায় চলছে ছবির শুটিং। ফারিণের অংশের শুটিং শেষ করে দেশে ফিরেছেন তিনি। 

সম্প্রতি ‘প্রিন্স’ সিনেমায় যুক্ত হওয়ার বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘তারকা অভিনেতার বিপরীতে অভিনয় অবশ্যই বড় বিষয়। তারপরও আমার চরিত্রের গুরুত্ব দেখি। নতুনত্ব কি পাচ্ছি, সেটা বুঝেই রাজি হই।’ 

এ ছবিতে নিজের চরিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ফারিণ। তিনি জানান, চরিত্রটি তাকে অভিনয়ের দিক থেকে নিংড়ে নিয়েছে। তিনি বলেন, ‘নব্বইয়ের দশকের আবহে সম্পূর্ণ বিনোদনধর্মী বা ‘গ্ল্যামারাস’ চরিত্রে দেখা যাবে। প্রতিটি দৃশ্যে নানা স্তর রয়েছে।’

ফারিণ ছাড়াও এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন টলিউড নায়িকা জ্যোতির্ময়ী কুন্ডু। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারিণ জানিয়েছেন, একই সিনেমায় দুইজন নায়িকা তবুও কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ছবিটি করতে রাজি হয়েছেন তিনি। 

শাকিব সঙ্গে অভিনয়ের আগে টলিউড সুপারস্টার দেবের ‘প্রজাপতি ২’ সিনেমায় অভিনয়ের কথা ছিল ফারিণের। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভাব হয়নি। ভারতে কাজের বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমারও কলকাতায় কাজ করার ইচ্ছা। অনেকের সঙ্গে কথা হচ্ছে। কোনো কিছু নিশ্চিত হওয়ার আগে তা বলতে ভয় করে। এর আগের একটি ঘটনা দারুণ শিক্ষা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার অনুরাগীরা ভালো খবর পেলে খুব আশা করে থাকেন। কোনো কাজ বাতিল হয়ে গেলে কষ্ট পান। আমি তাঁদের কষ্ট দিতে চাই না।’ এমনকি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবির শুটিং নিয়েও কিছু বলতে নারাজ এই অভিনেত্রী। 

ইএইচ/