images

বিনোদন

‘‘ঢাকা এবার বলবে ‘প্রিন্স’-এর গল্প’’

বিনোদন ডেস্ক

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম

কখন ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমার ফার্স্ট লুক আসবে— আজ রোববার সকাল থেকে শাকিবিয়ানরা অপেক্ষায় ছিলেন। অবশেষে সন্ধ্যা নাগাদ তাদের অপেক্ষার অবসান ঘটল। সামাজিক মাধ্যমে প্রকাশ করা হলো ‘প্রিন্স’-এর মোশন পোস্টার।

‘প্রিন্স’-এর পরিচালক আবু হায়াত মাহমুদ নিজের ফেসবুকে প্রকাশ করছেন পোস্টারটি। যেখানে কাঁধ ছোঁয়া চুলে অস্ত্রধারী শাকিবকে দেখা গেছে মারমুখী লুকে। আগুনের ইমুজিসহ ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘একটা শহর, একটা উপাখ্যান—ঢাকা এবার বলবে ‘প্রিন্স’-এর গল্প।’’

মোশন পোস্টার দেখে সন্তুষ্ট শাকিব ভক্তরা। মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েছেন তারা। বিভিন্ন ধরণের প্রশংসা সূচক কথাবার্তায় ভরিয়েছেন। 

আসছে রোজার ঈদে মুক্তি পাবে ‘প্রিন্স’। এতে শাকিবের বিপরীতে থাকছেন তিনজন নায়িকা। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। ক্রিয়েটিভ ল্যান্ড ছাড়াও ছবিটিতে যুক্ত হয়েছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। 

শাকিবকে দেখা যাবে নব্বইয়ের দশকের গ্যাংস্টার রূপে। তাসনিয়া ফারিণ, সাবিলা নূর, টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডুর পাশাপাশি অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার প্রমুখ।