বিনোদন ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম
বাংলাদেশের ফ্যাশন দুনিয়ায় নেতৃত্বস্থানীয় ব্র্যান্ড বিশ্বরঙ। এবার বিনোদন অঙ্গনেও যুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটি। 'বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশন'-এর মাধ্যমে প্রতিষ্ঠানটি নতুনদের অভিনয়, মিডিয়া গ্রুমিং ও ব্যক্তিত্ব উন্নয়নের সুযোগ দেবে। যদিও ২০১৭ সাল থেকে এই কার্যক্রম চালাচ্ছে বিশ্বরঙ। তবে গেল শনিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভিনেত্রী অপি করিম। তিনি উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন। একই সঙ্গে শৃঙ্খলার গুরুত্ব এবং বিনোদন অঙ্গনে টিকে থাকার বাস্তব দিকগুলো তুলে ধরেন।
'বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশন'-এর প্রতিষ্ঠাতা ও বিশ্বরঙের কর্ণধার, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা অনুষ্ঠানে বলেন, 'বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশন এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে প্রতিভা আবিষ্কার করে তাদের সঠিক প্রশিক্ষণ দিয়ে আত্মবিশ্বাসী ও পেশাদার শিল্পী হিসেবে গড়ে তোলা হয়। এরই মধ্যে আমাদের এখান থেকে গ্রুমিং করে অনেকে পরিচিতি পেয়েছেন। আশা করছি, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।'
আরও বলেন, 'প্রতিষ্ঠানটি ২০১৭সাল থেকেই পরিচালনা করে আসছিলাম। তখন স্টুডিও ছিল বনানীতে। করোনার সময় বিল্ডিং ভেঙে ফেলার কারণে পরে মিরপুরে স্থানান্তর করেছি। । সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার ক্লাস নেওয়া হয়। এরই মধ্যে ২০ জনের বেশি ছেলে-মেয়ে ভর্তি হয়েছে। আশা করছি, সংখ্যাটা আরো বাড়বে।'