images

বিনোদন

কবে ভাঙা হবে ‘মণিহার’ সিনেমা হল— জানাল কর্তৃপক্ষ  

বিনোদন প্রতিবেদক

২৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম

দেশের বৃহত্তম সিনেমা হল যশোরের মণিহার। ভালোমানের সিনেমা ও দর্শক খরায় ঐতিহ্যবাহী হলটি বন্ধের পথে। এর আগে ঢাকা মেইলের প্রতিবেদনে উঠে এসেছিল দেশের বৃহত্তম হলটি বন্ধের খবর। এরইমধ্যে হলটি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে হল কর্তৃপক্ষ। কবে ভাঙা হচ্ছে দক্ষিণী এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হলটি? 

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা মেইলকে হল মালিক জিয়াউল ইসলাম মিঠু বলেন, ‘আমরা ডিজাইন করছি। যদিও পুরোপুরি শেষ হয়নি। আগামী মাসখানিকের মধ্যে ডিজাইনের কাজ শেষ হবে। আর দেশের এখন যে অবস্থা আমরা একটা পরিবর্তনের অপেক্ষা করছি। নতুন সরকার আসুক তারপরে কাজ শুরু করব।’ 

জিয়াউল ইসলাম মিঠু আরও বলেন, “এই সপ্তাহে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘কঠিন প্রতিশোধ’ সিনেমাটি চালাচ্ছি।” 

monihar-3

এর আগে হলটি বন্ধের বিষয়ে তিনি বলেছিলেন, ‘একসময় তেরো শ সিনেমা হল ছিল। সেখান থেকে কমতে কমতে এখন ৭০- ৭৫টি হল আছে। এরমধ্যে আরও কয়েকটি বন্ধ হয়ে গেছে। মণিহারও বন্ধ হয়ে যাবে। হলের আশেপাশে কিছু দোকানপাট আছে বলে আমরা এটাকে টিকিয়ে রেখেছি। যদি শুধু সিনেমা হল হতো তাহলে চালাতে পারতাম না। এতদিনে বন্ধ হয়ে যেত।’

তিনি আরও বলেন, ‘হলের আয় আর ব্যয়ের তফাৎ এতটাই বেশি যে, বিদ্যুৎ বিল ও অন্যান্য খরচ ওঠে না।’ 

১৯৮৩ সালের ৮ ডিসেম্বর মণিহারের পথচলা শুরু। আধুনিক স্থাপত্যশৈলীর জন্য প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই সিনেমা হলটি খ্যাতি অর্জন করে। হলের মোট আসন সংখ্যা ১,৪০০। কিংবদন্তি চিত্রশিল্পী এসএম সুলতানের তত্ত্বাবধানে হলটির নির্মাণ পরবর্তী সাজসজ্জার কাজ সম্পন্ন হয়েছিল।

ইএইচ/