বিনোদন প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম
নাকের ডগায় নিশ্বাস নিয়ে চলছে ঢালিউড। ফলে ভালো নেই সিনেমা হলগুলো। গেল কয়েক বছর ধরে সিনেমা ঈদ কেন্দ্রিক ব্যবসায় পরিণত হওয়ায় হলগুলোও বন্ধ হচ্ছে একের পর এক। সদ্যবিদায়ী বছরে হল বন্ধের খবর ছিল আশঙ্কাজনক হারে। প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জল দেশের অধিকাংশ সিনেমা হল-ই বন্ধ।
ঢাকা মেইলকে তিনি বলেন, ‘দেশের অধিকাংশ সিনেমা হল-ই বন্ধ। ঈদ উপলক্ষে কিছু মৌসুমী হল খোলা হয়। বাকি সময় সেগুলো বন্ধ থাকে।’
কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘সিনেমা-ই তো নেই। তাহলে চালু থাকবে কীভাবে। নতুন বছরে এ পর্যন্ত একটি মাত্র ছবি মুক্তি পেয়েছে। ঈদের আগে আর ছবি মুক্তির খবর শুনছি না। এ অবস্থায় হল চালু রাখার সুযোগ নেই। প্রদর্শক সমিতির সভাপতি জানান মৌসুমী প্রেক্ষাগৃহ মিলিয়ে দেশে এখন ৬০-৭০টি হল আছে।’
গেল বছর দেশের বৃহত্তম সিনেমা হল যশোরের মণিহার বন্ধের সংবাদ প্রকাশ করে ঢাকা মেইল। এরপর উত্তরাঞ্চলের প্রথম সিনেপ্লেক্স মধুবনসহ একের পর এক সিনেমা হল বন্ধের খবর আসতে থাকে। যা দেশের সিনেমা অঙ্গনের জন্য রীতিমতো হতাশাজনক ছিল।