বিনোদন ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম
গল্পটা দুই উপজেলা চেয়ারম্যানের। একজন বর্তমান উপজেলা চেয়ারমান, অন্যজন প্রাক্তন। দুই জনের লড়াই নির্বাচনে মনোনয়ন পাওয়া নিয়ে। সে লড়াইকে কেন্দ্র করে একে অন্যের সঙ্গে দ্বন্দ্বে জড়ান দুই নেতার ছেলে-মেয়ে।
এই দুই ছেলে-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নীহা। আর তাদের নিয়ে পলিটিক্যাল থ্রিলার ঘরানার এই নাটকটির নাম ‘জনম জনমে’। রায়হান মাহামুদের রচনায় সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন মো. তৌফিকুল ইসলাম।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা তৌফিকুল ইসলাম এটুকু বললেন, ‘যেহেতু গল্পটি পলিটিক্যাল রোমান্টিক থ্রিলার ঘরানার, সেহেতু গল্পের বিষয়ে খুব বেশি বলতে চাই না। তবে এটুকু কথা দিতে পারি, গল্পটি দেখে যে কেউ অবাক হবেন। কারণ, এটাই রাজনীতি। আমার শিল্পীরা যে যার চরিত্রে দারুণ অভিনয় করেছেন।’
‘জনম জনমে’ নাটকের শুরুটা এমন হতে পারে- বর্তমান উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালেব মিয়া পাশাপাশি বাসায় থাকেন। দু’জনের মধ্যে অম্ল-মধুর সম্পর্ক। দু’জনেই পরের ইলেকশনে নমিনেশন চায়। আলতাফ হোসেনের মেয়ে নিদ্রা, পড়াশুনা শেষ করে এখন বাবার সাথে রাজনীতি করে। এদিকে আলতাফ হোসেনের ছেলে পুলকও তার বাবার পক্ষে রাজনীতি করে। নিদ্রা ও পুলকের মধ্যে সম্পর্ক একেবারে দা-কুমড়া। দু’জনেই গ্যাং নিয়ে চলাফেরা করে!
এলাকার মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে তাদের দা-কুমড়া সম্পর্কের অবসানের জন্য পরামর্শ চায় ফজলুর রহমান-এর কাছে। যিনি এলাকার অরাজনৈতিক ব্যক্তি, উপজেলার অভিভাবক হিসেবে সর্বজন শ্রদ্ধেয়। যাকে সমীহ করে চলে খোদ আলতাফ হোসেন এবং মোতালেব মিয়াও। মূলত এখান থেকেই শুরু হয় ‘জনম জনমে’র মূল গল্প।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘জনম জনমে’ আসন্ন জাতীয় নির্বাচনের আগেই মুক্তি পাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
তার ভাষায়, ‘এই গল্পের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনও সম্পর্ক নেই। এটি নিখাদ একটি গ্রামীণ প্রেমের গল্প। যেহেতু খানিকটা নির্বাচনের আবহ আছে গল্পে, সেহেতু নাটকটি আমরা এই সময়টাতে মুক্তি দিতে চাই। আশা করছি গল্পটি সবার ভালো লাগবে।’
এ নাটকে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, মিলি বাশার, পলিন প্রমুখ।