বিনোদন ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম
বছর দুয়েক হলো মা হারিয়েছেন। কিন্তু শোকের নদী শুকায়নি আরিফিন শুভর। দৈনন্দিন জীবনে বিভিন্ন সময়ে মাকে মনে পড়ে তার। সামাজিকমাধ্যমে এ নিয়ে এক স্মৃতিকাতর পোস্ট দিয়েছেন তিনি।
আজ শনিবার নিজের ফেসবুকে শুভ লিখেছেন, ‘কামিনী, কাঠগোলাপ আর বেলি—মায়ের পছন্দের ফুল। ছাদে তার প্রিয় কাঠগোলাপ নিয়ে আসা হয়েছে, সেটা দেখাচ্ছিলাম। এই গাছটা এখন বড় হয়েছে, ফুলে ভরে যায়। শুধু তোমাকে আর দেখানো হলো না, মা।’
এরপর লেখেন, ‘আমার এখনও মনে হয়, এই তো বাসায় ফিরেই ‘মা’ বলে ডাকতে পারব, কোলে গিয়ে শুয়ে পড়ব। বলব—‘মা, আমার জন্য একটু দোয়া করো।’ কিন্তু…’
সবশেষে মায়ের জন্য দোয়া চেয়ে শুভ লেখেন, ‘মা আল্লাহর কাছে আজ দুই বছর। সম্ভব হলে আমার মাকে দোয়ায় রাখবেন।’
শুভকে শেষ দেখা গেছে ‘নূর’ সিনেমায়। বর্তমানে তার হাতে একগুচ্ছ কাজ। মুক্তির অপেক্ষায় সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’। এতে তার বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম। এ ছাড়া তার অভিনীত ভারতীয় ওয়েব কনটেন্ট ‘জ্যাজ সিটি’ও আছে মুক্তির অপেক্ষায়।