বিনোদন ডেস্ক
২২ জানুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম
নতুন বছরে দর্শকদের নতুন কনটেন্টের চমক দিতে প্রস্তুত হইচই। বিশেষ করে, ১ ঘণ্টার এক নতুন ফিল্ম ফরম্যাট চালু করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি। হইচই অরিজিনাল ফিল্ম ‘একসাথে আলাদা’ মুক্তি পেতে যাচ্ছে এই ঈদুল ফিতরে। এরই মধ্যে হইচই সকল সামাজিক মাধ্যমে সিনেমার নাম, পরিচালক ও নতুন জুটির নাম প্রকাশ করেছে।
আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান, সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই রোমান্টিক-কমেডি ঘরানার ফিল্মটি পরিচালনা করেছেন নির্মাতা রেজাউর রহমান। হইচইয়ে এটাই প্রথম কাজ হতে যাচ্ছে পরিচালকের।
হইচইয়ে-মূলত বড় দৈর্ঘ্যর কনটেন্ট বা সিরিজ দেখে এসেছে দর্শক। তবে নতুন বছর থেকে ১ ঘণ্টা ব্যাপ্তির সিনেমাও দেখতে পারবে দর্শক।

‘একসাথে আলাদা’-এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয়মুখ ইয়াশ রোহান ও পারসা ইভানা। এই জুটিকেও একসাথে হইচই-এর পর্দায় প্রথমবারের মতো দেখা যাবে। পর্দায় তাদের রসায়ন বরাবরই দর্শকদের পছন্দের, আর এই ফিল্মে তাদেরকে একদম নতুন ও সময়পোযগী অবতারে দেখা যাবে।
এই সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেককেই।
পরিচালক রেজাউর রহমান এর আগে সমসাময়িক গল্পের জন্য প্রশংসিত হয়েছেন। এই কনটেন্ট নিয়ে তিনি বলেন, ‘আমরা এমন এক সময়ের গল্প বলতে চেয়েছি যেখানে ভালোবাসা আছে, কিন্তু ব্যক্তিগত স্পেস আর ক্যারিয়ারের চাপে সম্পর্কের সমীকরণগুলো বদলে যাচ্ছে। ইয়াশ-পারসা দুজনেই তাদের চরিত্রে অসাধারণ কাজ করেছেন। দর্শকদের জন্য এটি এক ঘণ্টার এক রিফ্রেশিং অভিজ্ঞতা হবে।’
_20260122_134307244.jpg)
অভিনেতা ইয়াস রোহান বলেন, ‘একসাথে আলাদা-এর স্ক্রিপ্টটা পড়ার সময়ই আমার মনে হয়েছে এটা আমাদের চারপাশের পরিচিত সব মানুষের গল্প। পোস্টার দেখে দর্শকরা যে আগ্রহ দেখাচ্ছেন আশা করছি সিনেমাটি মুক্তির পর সেই ভালোবাসা আরও বাড়বে।’
অভিনেত্রী পারসা ইভানা বলেন, ‘এই চরিত্রটি আমার আগের কাজগুলো থেকে বেশ আলাদা। রোমান্টিক কমেডি হলেও এর ভেতরে অনেক সূক্ষ্ম মানবিক অনুভূতি আছে। ইয়াশ আর আমি চেষ্টা করেছি পর্দায় সেই ম্যাজিকটা ফুটিয়ে তুলতে।’
হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘সব সময় আমাদের চেষ্টা থাকে দর্শককে নতুন এবং বৈচিত্র্যময় গল্পের স্বাদ দিতে। সেই ধারাবাহিকতায় একসাথে আলাদা আমাদের বছরের অন্যতম একটি বিশেষ কাজ হতে যাচ্ছে। আমার বিশ্বাস, সহজ-সরল অথচ গভীর আবেগের এই গল্পটি দর্শকদের মনে এক আলাদা জায়গা করে নেবে।’