বিনোদন ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম
বাংলা সিনেমার সোনালী যুগের কিংবদন্তি চিত্রনায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদের দাফন সম্পন্ন হয়েছে। বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে উত্তরায় ১২ নম্বর সেক্টরে দাফন সম্পন্ন হয়।
এর আগে এফডিসিতে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসেছিলেন দীর্ঘদিনের সহকর্মী তারকা শিল্পী ও অভিনেতারা। জাভেদের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানিয়ে এ সময় স্মৃতিচারণ ও শোক প্রকাশ করেন তারা। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নেওয়া হয় উত্তরায়। সেখানে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
আজ (২১ জানুয়ারি) বুধবার বেলা ১১টায় দীর্ঘ অসুস্থতার পর উত্তরার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
জাভেদের আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে ক্যারিয়ারের খাতা খুলেছিলেন। পরে নায়ক হিসেবে জনপ্রিয়তা পান। অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে।
১৯৬৮ সালে জাভেদ অভিনীত প্রথম উর্দু সিনেমা ‘পায়েল’ সিনেমা মুক্তি পায়। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার। পরিচালক মুস্তাফিজ তার নাম দেন জাভেদ।
জাভেদ অভিনীত সিনেমাগুলোর মধ্যে মালেকা বানু, নিশান, পাপী শত্রু, নিশান, রক্তশপথ, সাহেব বিবি গোলাম, কাজল রেখা, অনেক দিন আগে, আজও ভুলিনি, কঠোর, মা বাবা সন্তান, রাখাল রাজা, রসের বাইদানী, জীবন সঙ্গী, আবদুল্লাহ উল্লেখযোগ্য।