বিনোদন ডেস্ক
১৪ জুলাই ২০২২, ০১:৩১ পিএম
ঈদে শতকোটি টাকা (প্রযোজকের ভাষ্যমতে) বাজেটে নির্মিত সিনেমা ‘দিন-দ্য ডে’ মুক্তি পেয়েছে শতাধিক প্রেক্ষাগৃহে। এতে অভিনয় করেছেন অনন্ত জলিল ও বর্ষা। সিনেমাটির প্রচারে সরব রয়েছেন অনন্ত-বর্ষা। পরিদর্শন করছেন বিভিন্ন প্রেক্ষাগৃহ। বুধবার (১৩ জুলাই) মিরপুরের সনি সিনেমা হলে যান তারা। সেখানে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে বর্ষা জানান, তিনি পেটে বাচ্চা নিয়ে আড়ালে থাকা নায়িকা না।
সেখানে একপর্যায়ে বর্ষাকে প্রশ্ন করা হয়, অনন্ত জলিলের সব সিনেমায় আপনি নায়িকা কেন?
এই প্রশ্নের জবাবে বর্ষা পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, ‘কী টাইপের নায়িকা আপনাদের পছন্দ? সেই নায়িকা, যারা পেটে সন্তান নিয়ে কিংবা সন্তান প্রসব করে আড়ালে থাকে? নাকি যারা হেরোইন, ফেনসিডিল, মদ, গাঁজা নিয়ে ধরা পড়ে পুলিশের হেফাজতে থাকে? যেসব নায়িকা বিয়ের শাড়িটাও স্পন্সর নিয়ে পরে তাদের পছন্দ? তাদেরকে অনন্ত জলিলের সঙ্গে মানাবে? আমি সেই গ্রেডের নায়িকা না। আমি আমার জায়গায় আছি।’
এরপর ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দিন-দ্য ডে’ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সিনেমার শো বেশি চলছে। শো বেশি হলে দর্শক বেশি থাকবে এটাই স্বাভাবিক। বাংলাদেশের পুলিশকে আমরা এখানে হাইলাইট করেছি। সিনেমাটি যখন বিদেশে মুক্তি পাবে, তখন সেখানকার দর্শকরা দেখে বলবে, বাহ বাংলাদেশের সরকার, পুলিশ এত বেশি সচেতন!’
ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন-দ্য ডে’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ, ইরান, তুরস্ক ও আফগানিস্তানের বিভিন্ন লোকেশনে ‘দিন—দ্য ডে’র দৃশ্যধারণের কাজ হয়েছে।
আরআর