images

বিনোদন

প্রতারণা ও প্রাণনাশের হুমকি মামলা নিয়ে মুখ খুললেন মেহজাবীন

বিনোদন ডেস্ক

১৬ নভেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। অর্থ আত্মসাৎ, প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় এই আদেশ দিয়েছেন বিচারক আফরোজা তানিয়ার আদালত। 

মেহজাবীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি 

অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারের খবর চাউর হতেই সামাজিকমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। মেহজাবীন দাবি করেন মামলাটি সম্পূর্ণ ভূয়া ও ভিত্তিহীন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।  

471834810_18480123166010426_2910371989697099258_n

মামলার খবরটি প্রকাশের পরে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘আমি মেহজাবীন চৌধুরী। আজ একটি ভূয়া ও মিথ্যা মামলার সংবাদ দেখে আমি বিস্মিত। আমি মনে করি, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছাড়া কিছু নয়। এই ধরণের কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে আমি সরাসরি বা পরোক্ষভাবে জড়িত নই। যে বা যারা এমন ভিত্তিহীন মামলা করেছেন, তাদের কাউকে আমি চিনি না। যারা আমাকে চেনেন, তারা জানেন আমি কেবল আমার অভিনয় ও পেশাগত দায়িত্বে সর্বদা নিবেদিত। আমি এমন কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডে নেই, যেখানে আইনি জটিলতায় জড়ানোর প্রশ্ন আসে।’ 

এই তারকা যোগ করেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে আমি দেশের আইন, নিয়মনীতি ও সামাজিক দায়িত্বে বিশ্বাসী। ইতোমধ্যে আমার আইনজীবী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন। যাতে এসব গুজব ও মিথ্যা প্রচারণা বন্ধ হয় এবং ভবিষ্যতে কেউ আর এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত কিছু করতে না পারে!’
মেহজাবীন আরও লিখেছেন, ‘একজন শিল্পী ও সচেতন নাগরিক হিসেবে আমি সবসময় দেশের আইন, নীতি ও সামাজিক মূল্যবোধ মেনে চলেছি। গত এক যুগের বেশি সময় ধরে মিডিয়ায় পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছি, যার সাক্ষী আমার দর্শক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।’

471791393_18480517354010426_8368492721545094738_n

সবশেষে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘আমি আমার সহকর্মী গণমাধ্যম কর্মীদের অনুরোধ করছি, ভিত্তিহীন কোনো তথ্য যাচাই ছাড়া প্রকাশ করবেন না। এবং আমার সকল শুভাকাঙ্ক্ষী, ভক্ত ও পরিচিতদের বলবো- আপনাদের ভালোবাসা আর আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। বিভ্রান্তি না ছড়িয়ে সত্যের পাশে থাকুন।’

ইএইচ/