বিনোদন ডেস্ক
১৬ নভেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম
২৭ লাখ টাকা আত্মসাত, প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে রোববার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
গ্রেফতারি আদেশ জারি হওয়ার কিছু সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এক প্রতিক্রিয়ায় অভিনেত্রী লেখেন, ‘অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন ‘মামলা’ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে। আমার সকল সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ, দয়া করে কোনো প্রকার যাচাইহীন ও সত্যতা-বিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।’

রোববার (১৬ নভেম্বর) আদালত সূত্রে জানা যায়, অর্থ আত্মসাত, প্রাণনাশের হুমকি মামলার আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল। তবে তারা আদালতে হাজির না হওয়ায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা তানিয়া তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে ১৮ ডিসেম্বর গ্রেফতার করার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।
মামলার নথি অনুযায়ী, বাদীর সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে মেহজাবীন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে বলে নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা দেন। এরপর অভিনেত্রী ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দেব কাল দেব বলে কালক্ষেপন করেন। এ অবস্থায় গত ১১ ফেব্রুয়ারি বিকালে পাওনা টাকা চাইতে গেলে তারা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন।

মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ১৬ মার্চ ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরও অজ্ঞাতনামা ৪/৫ জন অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা বলেন, ‘এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না। তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব।’ এসব কথা বলে তারা বাদীকে জীবননাশের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।
পরবর্তীতে বাদী আমিরুল ইসলাম সমাধানের জন্য ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেয়। পরে ভুক্তভোগী আমিরুল ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করেন।
ইএইচ/