Dhaka Mail Logo

বিনোদন

রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়ার জন্য তারেক রহমানকে অনুরোধ হিরো আলমের

বিনোদন ডেস্ক

০৪ নভেম্বর ২০২৫, ১০:১৪ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাঁদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এই তালিকায় উঠে এসেছে নতুন মুখ। বাদ পড়েছেন অনেক হেভিওয়েট প্রার্থী। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থীতার তালিকায় জায়গা হয়নি বিএনপির নেত্রী রুমিন ফারহানার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন না পাওয়ায় কোনো প্রতিক্রিয়া জানান তিনি। তবে মন্তব্যে করতে বসে থাকেননি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। 

গতকাল সোমবার প্রার্থীদের নাম ঘোষণার কয়েক ঘণ্টা পর এক পোস্টে আলম লিখেছেন, ‘বিএনপির দুঃসময়ের সাথী, ত্যাগী নেত্রী, স্বৈরাচারের যম, প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা। আমার ওপর বারবার হামলা হলে বজ্রকণ্ঠে গণমাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি। বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার চেয়ে বহুগুণ এগিয়েছিলেন তিনি। সেই রুমিন ফারহানা আপাকে নমিনেশন না দিয়ে তার প্রতি বিএনপি অনেক বড় অবিচার করেছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি।’

এরপর তিনি যোগ করেন, ‘সেইসাথে আগামীদিনের দেশ গড়ার নায়ক তারেক রহমান ভাইয়ের প্রতি অনুরোধ, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন। স্বৈরাচারমুক্ত দেশ গড়তে রুমিন ফারহানা আপার মতো মানুষের আমাদের ভীষণ দরকার।’

ইএইচ/