Dhaka Mail Logo

বিনোদন

রজনীকান্ত-ধানুষের বাড়িতে বোমা আতঙ্ক, প্রকাশ্যে এলো যে ঘটনা 

বিনোদন ডেস্ক

২৯ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পিএম

হঠাৎ দক্ষিণী চলচ্চিত্রাঙ্গনে চাঞ্চল্যতা। কেননা সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে দক্ষিণী তারকা রজনীকান্ত ও ধানুষের বাড়িতে বোমা রাখা আছে। এরপর থেকেই তোলপাড়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি তামিলনাড়ুর ডেপুটি জেনারেল অফ পুলিশের মেলে বার্তা আসে রজনীকান্ত ও ধানুষের বাড়িতে বোমা রাখা আছে। এরপর থেকেই শোরগোল পড়ে চেন্নাই জুড়ে। তদন্তে নামে চেন্নাই পুলিশ। রজনীকান্ত ও ধনুষের বড়িতে পৌঁছায় বম্ব স্কোয়াড। কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় সুপারস্টার রজনীকান্ত ও তার প্রাক্তন জামাই ধনুষের বাড়ি।

ভারতীয় পুলিশ জানায়, তন্ন তন্ন করে খুঁজেও দুজনের বাড়ি থেকে সন্দেহজনক কিছু মেলেনি। আরও জানানো হয়, এ ধরণের ঘটনা প্রথম নয়। এর আগেও আতঙ্ক তৈরি করতে মেল পাঠানো হয়েছে বহু দক্ষিণী তারকাকে। এর ফলে নিরাপত্তাহীনতার আশঙ্কায় ভুগছেন তারা। সাইবার ক্রাইমের ভাষায় একে বলা হয় ‘হোয়াক্স মেল।

এর আগে এরকম আতঙ্ক ছড়িয়েছিল তামিলনাড়ুর কংগ্রেস কমিটির সভাপতি কে. সেভালপেরুনথাগাইকে ঘিরে। পরে পুলিশ তদন্ত চালিয়ে দেখে বিষয়টি ‘হোয়াক্স মেল। এবার রজনী ও ধানুষকে নিয়েও ছড়ানো হলো এমন গুঞ্জন।