বিনোদন ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫, ০১:৫৬ পিএম
দশ বছরের ক্যারিয়ার রেমোর। টলিউডের পায়ের তলার মাটি বেশ মজবুত বর্তমানে। তবে এ অবস্থানে আসতে কঠখড় পোড়াতে হয়েছে। অভিনয়ে আসার আগে এক হোটেলে বাবুর্চি তথা শেফের কাজ করতেন তিনি। হেঁশেল ঘরের সে জীবন ছেড়ে এসে থিতু হন টলিউডে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন রেমো। তার ঠাকুরদা মিনার্ভা থিয়েটারে উৎপল দত্তের সঙ্গে নাটক করেছেন। তবে সেখান থেকে টলিপাড়ায় জায়গা করা সহজ কাজ ছিল না।
অভিনেতা জানান, তিনি ‘হোটেল ম্যানেজমেন্ট’ নিয়ে পড়াশোনা করেছেন। তারপর এক অভিজাত হোটেলে বেশ কিছু দিন শিক্ষানবিশ শেফ হিসাবে কাজ করেছিলেন। পড়াশোনা করতে করতেই প্রথম ধারাবাহিকের সুযোগ আসে। রেমো বলেন, “‘বধূবরণ’ ধারাবাহিকে অভিনয়ের সময় প্রতি দিন ৫০০ টাকা পেতাম।”
তবে রেমোর আজকের এই অবস্থানের পেছনে তার আত্মবিশ্বাস গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তার কথায় স্পষ্ট। তিনি বলেন, “১০ বছর আগে নিজেকে কথা দিয়েছিলাম। টালিগঞ্জের উত্তমকুমারের মূর্তির পাশে আমার ছবি পোস্টার থাকবে। সেটা হয়েছে। একটা সময় অনেক অডিশন দিয়েছি। জঞ্জাল থেকে নিজের ছবি কুড়িয়েছি। খুব খারাপ লেগেছিল। কিন্তু এখন নিজের জায়গা ধীরে ধীরে তৈরি হয়েছে।”
‘৮/১২ বিনয় বাদল দীনেশ’ ছবিতে গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা গেছে রেমোকে। এবার তাকে দেখা যাবে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিতে। এখানেও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন।