বিনোদন ডেস্ক
১৭ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পিএম
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এখন কলকাতাতে ‘শেকড়’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গত সোমবার থেকে ব্রাত্য বসুর সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন এই তারকা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘শেকড়’ ছবি। শুটিংয়ের ফাঁকে ভারতের গণমাধ্যমে সঙ্গে কথা বলেছেন চঞ্চল।
গত বছর গণঅভ্যুত্থানের পর ভারত-বাংলাদেশের রাজনৈতিক টানাপড়েন তৈরি হয়েছে। এই টানাপড়েন কী কোনোভাবে শিল্পীদের কাজে বাধার সৃষ্টি করছে? কিংবা তাকে কী কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে? এমন প্রশ্নের জবাবে চঞ্চল দেশটির গণমাধ্যমকে বলেন, ‘আমি কাজের জন্য যতবার ভিসার আবেদন করেছি বা কোনো প্রোডাকশন হাউসের নিমন্ত্রণে আসতে হয়েছে, তখন তো খুব সহজেই ভিসা পেয়েছি। কোনো সমস্যা হয়নি।’

রাজনৈতিক এই টানাপড়েন শিল্পীর স্বাধীনতা, দর্শকদের উপর প্রভাব ফেলছে কি না? জবাবে অভিনেতা বলেন, ‘এটি খুবই স্পর্শকাতর বিষয়। পরিস্থিতির কারণে অনেক কিছুই ঘটে। বিশেষত রাজনৈতিক কোনো পরিস্থিতি যখন তৈরি হয়। অনেক স্বাভাবিক বিষয়ও তখন জটিল হয়ে যায়। সেটার আবার সমাধানও হয়। সমস্যা সবসময় কিছু না কিছু থাকবেই, দুটো আলাদা দেশ তো। যদিও চিরস্থায়ী কিছু নয়। দেশের মধ্যে কাজ করতে গেলেও তো অনেক সংকট তৈরি হয়। তাই আমার কাছে আলাদা করে কিছু মনে হয় না।’
পাশাপাশি দুই গ্রামের বয়স্ক নারী-পুরুষের চরিত্রকে ঘিরে ‘শেকড়’ সিনেমার গল্প এগিয়ে যাবে। বৃদ্ধের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা লোকনাথ দে। বৃদ্ধা নারীর চরিত্রে অভিনয় করবেন ‘রক্তবীজ -২’ ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা সীমা বিশ্বাস। লোকনাথ যে বৃদ্ধের চরিত্রে অভিনয় করবেন তাঁর ছেলের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। চঞ্চলের বউয়ের চরিত্রে থাকবেন পৌলমী বসু।

চঞ্চল চৌধুরী ছাড়াও ব্রাত্য বসুর আসন্ন সিনেমায় অভিনয় করবেন সীমা বিশ্বাস, লোকনাথ দে, পৌলমী বসু, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসূয়া মজুমদার, অনুজয় চট্টোপাধ্যায়, নারায়ণ গোস্বামী প্রমুখ।
ইএইচ/