Dhaka Mail Logo

বিনোদন

ধর্ষণের অভিযোগে জনপ্রিয় ইউটিউবার ও তার ছেলে গ্রেফতার

বিনোদন ডেস্ক

১৫ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পিএম

ভারতের উত্তর ২৪ পরগণা জেলার হাড়োয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জনপ্রিয় ইউটিউবার আরবিন্দ মন্ডল ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ইউটিউব রিল বানানোর প্রলোভন দেখিয়ে ১৫ বছর বয়সী ওই কিশোরীকে ধর্ষণ ও ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযুক্ত ইউটিউবারের চ্যানেলে ফলোয়ারের সংখ্যা সাড়ে ৪ মিলিয়নেরও বেশি।

পুলিশ সূত্র অনুযায়ী, অরবিন্দ মণ্ডল ও ভুক্তভোগী পরিবার একই পাড়ার বাসিন্দা। কয়েক মাস আগে অরবিন্দ ও তার ছেলে কিশোরী মেয়েটিকে তাদের ইউটিউব চ্যানেলের রিলস ভিডিও বানানোর প্রস্তাব দেয়। প্রতিবেশী হওয়ায় প্রথমে মেয়েটির পরিবার এতে আপত্তি জানায়নি। জানা গেছে, ভিডিও শুটের জন্য মেয়েটি অভিযুক্ত বাবা-ছেলের সঙ্গে বিভিন্ন স্থানে যেতেন। সেই সময় তারা গোপনে মেয়েটির ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে রাখে। 

image

জেলা পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, রেকর্ড করা সেই ছবি ও ভিডিও ব্যবহার করে অভিযুক্তরা মেয়েটিকে ব্ল্যাকমেইল এবং ধর্ষণসহ নানা ধরনের নির্যাতন শুরু করে। তারা হুমকি দেয় মেয়েটি যদি কারও কাছে অভিযোগ করে তাহলে গোপন ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবেন। 

নির্যাতিতার পরিবারের অভিযোগ, এক পর্যায়ে অভিযুক্ত ইউটিউবার মেয়েটিকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েও যৌন নির্যাতন চালিয়েছে। নির্যাতনের মাত্রা বাড়তে থাকায় গত শনিবার মেয়েটি তার পরিবারের কাছে সব কথা জানায়। ভুক্তভোগী মেয়ের বাবা একজন পুলিশ কর্মকর্তা। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে হাড়োয়া পুলিশ রোববার অভিযুক্ত অরবিন্দ মণ্ডল ও তার ছেলেকে গ্রেফতার করে। 

অরবিন্দ মণ্ডলকে কলকাতার বসিরহাট মহকুমা আদালতে হাজির করা হলে আদালত তাঁকে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। তার ছেলেকে কিশোর আদালত পাঠানো হয়েছে।

ইএইচ/