বিনোদন প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৫, ১২:১৭ পিএম
গীতিকবিতার জীবন্ত কিংবদন্তি শহীদ মাহমুদ জঙ্গী। দেশের ব্যান্ডসংগীতে তার অবদান অনস্বীকার্য। অন্যদিকে দেশের বরেণ্য সুরকার পিলু খান। এবার দুজনের কথা সুরে প্রকাশ পেয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাইয়ের নতুন গান ‘সেই একসময় ছিল’। গানটির অ্যানিমেশন ভিডিও প্রকাশ করেছে আজব রেকর্ডস। ভিডিও তৈরি করেছেন মীর হিশাম ও শব্দ সংযোজন করেছেন আমজাদ হোসেন বাপ্পী।
গানটি নিয়ে জঙ্গী বলেন, ‘‘এই গানে আমি করোনাকালীন আমাদের জীবনের ছবি আঁকার চেষ্টা করেছি। আমাদের সবার জীবনে ছাপ রেখে যাওয়া সেই সময়ের গান ‘সেই এক সময় ছিল’।”

পান্থ কানাই বলেন, ‘সচরাচর যেমন গান করি তার থেকে বেশ আলাদা এই গানটি। জঙ্গী ভাই ও পিলু ভাই আমার নমস্য সংগীত ব্যক্তিত্ব। তাদের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য দারুণ এক প্রাপ্তি। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।’
পিলু খান বলেন, ‘আমি আমার জীবনে সবচেয়ে বেশি সুর করেছি জঙ্গী ভাইয়ের লেখায়। তাই তার সঙ্গে কাজ আমার জন্য সব সময় আনন্দের। পান্থ কানাই দারুণ গেয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে আমাদের এই প্রয়াস।’

আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পাশাপাশি স্পটিফাই, আইটিউন্স, ডিজার, স্বাধীনসহ সারা বিশ্বের স্ট্রিমিং সাইটে শোনা যাচ্ছে গানটি।