Dhaka Mail Logo

বিনোদন

থেমে গেল রণবীর-রাজকুমার হিরানির সিনেমা 

বিনোদন ডেস্ক

০৫ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ পিএম

বলিউড পরিচালক রাজকুমার হিরানির ছবি মানে ভিন্ন কিছু। বি-টাউনের বড় তারকারা তার নির্দেশনায় কাজ করতে মুখিয়ে থাকেন। তার পরিচালনায় রণবীর কাপুর করেছেন ‘সঞ্জু’। এবার দুজন তৈরি হয়েছিলেন নতুন ছবি নিয়ে। কিন্তু আগেই থেমে গেল কাজ।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শোনা যাচ্ছে, রণবীর কাপুরকে নিয়ে ফের একটি বায়োপিক নির্মাণের কথা ভেবেছেন রাজকুমার হিরানি। স্বনামধন্য এক খেলোয়াড়ের জীবনী ফুটিয়ে তুলবেন পর্দায়। 

তবে এই মুহূর্তে নাকি ছবির শুটিং শুরু হচ্ছে না। ছবিটি নিয়ে রীতিমতো পড়াশোনা শুরু করেছেন তারা। এমনকি ছবি নির্মাণের নেপথ্যের বিষয়গুলো নিয়েও কাজ শুরু করেছিলেন রণবীর-হিরানি। কিন্তু এই বছর রণবীরের বিভিন্ন ছবির শুটিং নিয়ে ব্যস্ত শিডিউল থাকার কারণেই নাকি পিছিয়েছে ছবির কাজ। যা শুরু হবে আগামী ২০২৭ সাল থেকে।

এদিকে শোনা যাচ্ছে রণবীরের ছবির কাজ পেছাতেই হিরানি ব্যস্ত হয়ে পড়েছেন নতুন এক ছবির কাজে। অন্যদিকে রণবীরের হাতে আছে একাধিক ছবির কাজ। এরমধ্যে রয়েছে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’। আগামী বছরের মার্চে মুক্তির কথা। একই বছরের দীপাবলিতে অভিনেতাকে দেখা যাবে ‘রামায়ণ’ ছবিতে। রামের চরিত্রে অভিনয় করেছেন তিনি।