বিনোদন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ পিএম
আজ ২৮ সেপ্টেম্বর রণবীর কাপুরের জন্মদিন। ৪৩ তম বসন্ত পূর্ণ হলো তার। এখনও যৌবনকে মুঠোবন্দি রাখলেও বয়স উপলব্ধি করছেন অভিনেতা। জন্মদিন উপলক্ষে প্রকাশিত এক ভিডিওতে তেমনই বার্তা ছোট কাপুরের।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে নেই রণবীর। তাই মাঝে সাঝে তার কোনো ভিডিও এলে লুফে নেন অনুরাগীরা। জন্মদিনের ভিডিওবার্তাটিও সমাদর পাচ্ছে বেশ।
রণবীরের লাইফস্টাইল ব্র্যান্ড ‘আর্কস’ নিজেদের ইনস্টাগ্রামের স্টোরিতে ওই ভিডিও প্রকাশ করেছে। সেখানে রণবীরকে বলতে শোনা যায়, “হাই, আমি একটু সময় নিয়ে সকলকে ধন্যবাদ জানাতে চাই জন্মদিনে যে ভালবাসা আর শুভেচ্ছা পাচ্ছি তার জন্য। আজ আমার ৪৩ বছর পূর্ণ হল। দেখতেই পাচ্ছেন, দাড়িতে পাক ধরেছে, প্রতি বছরই তা আরও বাড়ছে। কিন্তু আমার মনে প্রচুর কৃতজ্ঞতা—আমার পরিবার, বন্ধু, কাজ, আর সবচেয়ে বেশি আপনাদের প্রতি। এত সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারাই আমাকে এতটা বিশেষ অনুভব করান।”
রণবীর যখন কথা বলছিলেন তখন পেছন থেকে ভেসে আসছিল কন্যা রাহার কণ্ঠ। যা বেশ আবেগ আপ্লূত করেছে নেটিজেনদের। কেননা ব্যক্তিগত জীবন আলাদা রাখেন অভিনেতা। তাই এক ঝলক-ই যেন হয়ে উঠেছে ভক্তদের কাছে কাঙ্ক্ষিত।
রণবীরের হাতে আছে একাধিক ছবির কাজ। এরমধ্যে রয়েছে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’। আগামী বছরের মার্চের মুক্তির কথা। একই বছরের দীপাবলিতে অভিনেতাকে দেখা যাবে ‘রামায়ণ’ ছবিতে। রামের চরিত্রে অভিনয় করেছেন তিনি।