বিনোদন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
গোপন রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়েও লাভ হলো না। ফাঁস হলো বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘কিং’ সিনেমার লুক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সে ছবিতে দেখা গেছে, একটি জাহাজের কাছে দাঁড়িয়ে শাহরুখ। চোখ ঢাকা কালো চশমায়। পরনে কালো স্যুট। অভিনেতার বাম হাতে বন্দুক। যা কারও দিকে তাক করা।

প্রিয় তারকাকে এমন লুকে দেখে উত্তেজিত ভক্তরা। অনেকের মতে তার এই লুক ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিকে মনে করিয়ে দিচ্ছে। সবাই মুখিয়ে আছেন সিনেমার রোমাঞ্চকর অ্যাকশন দেখার জন্য। শাহরুখের সল্ট-অ্যান্ড-পেপার হেয়ারস্টাইলে মুগ্ধ অনুরাগীরা।
‘দ্য আর্চিজ’ দিয়ে সিনেমায় নাম লেখালেও ‘কিং’ দিয়ে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। জানা গেছে, ছবিতে শাহরুখ একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করেছেন, যে তার শিষ্যকে প্রশিক্ষণ দিচ্ছে। আর সেই শিষ্যের ভূমিকায় দেখা যাবে সুহানাকে। বাবা-মেয়ের যুগলবন্দি দেখতে মুখিয়ে দর্শক।

এই ছবি পরিচালনার কথা ছিল সুজয় ঘোষের। তবে পরে সেই দায়িত্ব বর্তেছে ‘পাঠান’-এর কাপ্তান সিদ্ধার্থ আনন্দের কাঁধে। শাহরুখ-সুহানা ছাড়াও এ ছবিতে দেখা যাবে দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর এবং অভয় বর্মার মতো নামকরা অভিনেতাদের।