বিনোদন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপাতির রাজনৈতিক জনসভায় পদপিষ্ট হয়ে নিহত ৩৯। আহত হয়েছেন শতাধিক। এতে ভারতীয় অভিনেতার ওপর ক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে স্থানীয়দের। এমন আশঙ্কায় চেন্নাইয়ে বিজয়ের বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ু সরকার সূত্রে জানা গেছে, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশে বিজয়ের ওপর আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। তাই বিজয়ের বাড়িতে জোরদার করা হয়েছে নিরাপত্তা।
এদিকে জনসভায় নিহতের ঘটনায় বিজয় সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমার হৃদয় বিদীর্ণ। শোকপ্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। আমার যে সব ভাই-বোনেদের প্রাণ গিয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি।”
রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ ঘটনায় কাউকে রেহাই দেওয়া হবে না। এরমধ্যেই অবসরপ্রাপ্ত হাই কোর্টের বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছেন তিনি। বিচারপতি অরুণা জগদীশন ওই কমিটির নেতৃত্ব দেবেন।
এদিকে বিজয়ের জনসভায় নিহতের ঘটনায় শোক জানিয়েছেন ভারতের রাজনীতিবিদরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীসহ অনেকেই নিহতদের পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা।