বিনোদন প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পিএম
আওয়ামী লীগ সরকারের সময় সেন্সর বোর্ড থেকে আটকে দেওয়া হয় রায়হান রাফী নির্মিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে গল্পের মিল থাকায় অনুমতি মেলেনি মুক্তির।
সরকার পতনের পর প্রেক্ষাপট বদলে গেলে ‘অমীমাংসিত’ সংশ্লিষ্টরা আশায় বুক বাঁধেন ওয়েব ফিল্মটির মুক্তি নিয়ে চলচ্চিত্র সার্টফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতিও মেলে। কিন্তু পায়নি মুক্তি। অপেক্ষায় মুখিয়ে থাকা দর্শকদের কৌতূহল, কবে মুক্তি মিলবে অমীমাংসিত সিনেমার?
বিষয়টি নিয়ে ঢাকা মেইলকে রায়হান রাফী বলেন, ‘এখনও ঠিক করিনি মুক্তির বিষয়টি। তবে শিগগিরই ঠিক করব এবং এ মাসেই জানাব।’
গেল বছরের ১২ ফেব্রুয়ারি প্রকাশ পায় ‘অমীমাংসিত’-এর টিজার। নিজের ফেসবুকে শেয়ার দিয়ে তিনি লিখেছিলেন, ‘কারা খুন করল অর্ণব আর নীরুকে? মুখোশধারী লোকগুলো কারা? এই অমীমাংসিত রহস্যের আদৌ কী জট খুলবে?’
ওই বছরের ২৯ ফেব্রুয়ারি মুক্তির কথা ছিল ওয়েব সিনেমাটির। কিন্তু সাগর-রুনির নাম ছড়াতেই সিনেমাটি সেন্সরবোর্ডে জমা দিতে নির্দেশ দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ‘প্রদর্শন উপযোগী নয়’ বলে আটকে দেয় তৎকালীন সেন্সর বোর্ড।
সত্য ঘটনা পর্দায় তুলে আনেন রাফী। এর আগে একাধিকবার কাজটি করেছেন তিনি। তার নির্দেশনায় উঠে এসেছে বরগুনার রিফাত হত্যাকাণ্ড, কদমতলীর ট্রিপল মার্ডার, ব্যাংক ডাকাতির মতো ঘটনাগুলো। গুঞ্জন রয়েছে ‘অমীমাংসিত’তিনি বানিয়েছেন সাগর-রুনির হত্যাকাণ্ড নিয়ে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু প্রমুখ।