Dhaka Mail Logo

বিনোদন

‘ডানা থাকলেই উড়তে হয় না জেসমিন’, সাদিয়া বললেন জেসমিনকে ছেড়ে দাও প্লিজ

বিনোদন ডেস্ক

২৭ আগস্ট ২০২৫, ০৫:২৭ পিএম

‘ডানা থাকলেই উড়তে হয় না জেসমিন’— এই কথাটা বলে স্ত্রী সাদিয়া আইমানকে গ্রাম থেকে ঢাকায় আসতে বাঁধা দিয়েছিলেন তাঁর স্বামী সৌম্য জ্যোতি! এরপরেই তাঁদের সংসার জীবনের ইতি ঘটে। এ সংলাপটি গেল কোরবানি ঈদের মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ ছবির অংশ বিশেষ। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সৌম্য জ্যোতির সংলাপটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সংলাপটির সঙ্গে আংশিক মিল রেখে মিমস বানিয়ে পোস্ট করতে দেখা গেছে। এই যেমন ‘সিজি বেশি থাকলেই উড়তে হয় না জেসমিন’। এছাড়াও আরও আছে ‘কোথাও গুলুমুলু বাচ্চা দেখলেই তাঁর গাল টিপে দিতে হয় না জেসমিন’, ‘ভাত খেতে বসলেই গোপাল ভাঁড় দেখতে হয় না জেসমিন’। 

Dana_a

ফেসবুকে স্ক্রল করলেই এরকম হাজার মিমস ঘুরেছে চোখের সামনে। যা নজর এড়ায়নি জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) নিজের ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘জেসমিনকে এবার একটু ছেড়ে দাও প্লিজ! তোমরা এখন পুরো জাহাঙ্গীর হয়ে গেছ! জেসমিন এর ডানা থাকলেও উড়বে, না থাকলেও উড়বে। জেসমিনদের কেউ আটকাতে পারে না।’ 

এদিকে সাদিয় আয়মানের পোস্টটি অনেকেই নিজের ফেসবুকে শেয়ার দিয়ে লিখেছেন, ‘ফেসবুক একাউন্ট থাকলেই যা তা পোস্ট করতে হয় না জেসমিন’। পোস্টের মন্তব্যের ঘরে একই মন্তব্য করেছেন নেটিজেনরা। 

jasmin

বলে রাখা ভালো, গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমায় জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। তরুণ জাহাঙ্গীর চরিত্রে দেখা গেছে সৌম্য জ্যোতিকে। অন্যদিকে জেসমিন চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি। এবং তরুণী জেসমিন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। 

তারকাবহুল সিনেমায় সাদিয়া আয়মান, সৌম্য জ্যাতি, জাহিদ হাসান, আফসানা মিমি ছাড়াও অভিনয় করেছেন, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, তারেক আনাম খান, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।  

ইএইচ/