বিনোদন ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৪ পিএম
চিত্রনায়ক হিসেবেই পরিচিত জায়েদ খান। তবে কেউ যেন তাকে নায়কের স্বীকৃতি দিতে নারাজ। দাবি করা হয়ে থাকে, তার কোনো ভক্ত নেই। যদিও জায়েদ এমন দাবির সঙ্গে দ্বিমত। তিনি মনে করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জায়েদ নায়ক হওয়ার বাসনায় নিমজ্জিত থাকতেন সবসময়। শুরুতে টেলিভিশন নাটকের ‘এক্সট্রা আর্টিস্ট’ ছিলেন। খুবই ছোট ছোট চরিত্রে অভিনয় করতেন। এরপর বিজ্ঞাপনচিত্রেও দেখা যায় তাকে। তবে তার লক্ষ্য ছিল সিনেমা। খুঁজছিলেন সুযোগ। ২০০৮ সালে সুযোগ চলে আসে। মহম্মদ হাননান পরিচালিত ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমায় পার্শ্বনায়কের চরিত্রে অভিনয় করেন তিনি।

এই ছবিতে প্রধান নায়ক ছিলেন রিয়াজ। তার ভাইয়ের চরিত্রে দেখা যায় জায়েদকে। প্রথম ছবি থেকেই অভিনয়, লুকআপ— সবকিছু নিয়ে সমালোচনার মুখে পড়েন।
পরের বছর মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কাজের মানুষ’ এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘মন ছুঁয়েছে মন’ ছবিতে অভিনয় করেন। ২০১০ সালে মুক্তি পায় এফ আই মানিক পরিচালিত ‘আমার স্বপ্ন আমার সংসার’ এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মায়ের চোখ’ ও ‘রিকশাওয়ালার ছেলে’। কোনো ছবিতেই তিনি প্রধান নায়কের ভূমিকায় অভিনয়ের সুযোগ পাননি।
তবে ২০১২ সালে একক নায়ক হিসেবে ‘আত্মগোপন’ সিনেমায় অভিনয় করেন। এই ছবিতে তিনি শাবনূরের সঙ্গে অভিনয়ের সুযোগ পান। ছবির পরিচালক ছিলেন এম এম সরকার।

২০১৪ সালে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন জায়েদ। সেগুলো হলো— মাশরুর পারভেজ ও আকিব পারভেজের যৌথ পরিচালনার ‘অদৃশ্য শত্রু’, রকিবুল আলম রকিবের ‘প্রেম করবো তোমার সাথে’, আজাদ খানের ‘দাবাং’, মনতাজুর রহমান আকবরের ‘মাই নেম ইজ সিমি’ এবং রাজু চৌধুরীর ‘তোকে ভালোবাসতেই হবে’।
একই বছর তিনি জিয়াউর রহমান জিয়া নির্দেশিত ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ নামের একটি টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেন নিপুণ। ২০১৫ সালে জায়েদ শাহ্ আলম মন্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছর তিনি রকিবুল আলম রকিব পরিচালিত ‘নগর মাস্তান’ চলচ্চিত্রে অভিনয় করেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেন পরীমণি।
চলচ্চিত্র প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন জায়েদ। ২০১৭ সালে তিনি ‘অন্তর জ্বালা’ নামের চলচ্চিত্র প্রযোজনা করেন। ছবিটি পরিচালনা করেছিলেন মালেক আফসারি।

একই বছর তিনি জিয়াউর রহমান জিয়া নির্দেশিত ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ নামের একটি টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেন নিপুণ।
বর্তমানে জায়েদ সিনেমার থেকে সাংগঠনিক কাজকর্মে বেশি তৎপর। সাধারণ সম্পাদক পদে তিনি দুই বার চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব পালন করেছেন। তৃতীয়বার তিনি একই পদে নির্বাচিত হলে তার বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ আনেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
আরএসও