Dhaka Mail Logo

বিনোদন

টিভিতে মাসজুড়ে ‘৩৬ জুলাই’

বিনোদন ডেস্ক

০১ জুলাই ২০২৫, ১২:০৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ১ জুলাই মঙ্গলবার থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী নানা আয়োজনে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠান পালিত হবে। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় থাকছে বিশেষ আয়োজন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভি জানায়, ১ জুলাই থেকে প্রচার হবে ৩৬ পর্বের দিনভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান ‘৩৬ জুলাই’। ২০২৪ সালে জুলাই থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত দেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এ অনুষ্ঠান। অনুষ্ঠানটি বিটিভির পর্দায় প্রচার হবে প্রতিদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। 

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান, মনিরুজ্জামান খান, ইয়াসির আরাফাত ও ইকবাল হোসেন। 

ঐতিহাসিক জুলাই বিপ্লবের বিজয়ের ধারার সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবির আন্দোলনের মধ্য দিয়ে। জুলাই মাসে আন্দোলন আরও তীব্র রূপ নেয়। সে সময় শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’-সহ অবরোধ কর্মসূচি চালায়। আন্দোলনে অসংখ্য ছাত্র-জনতা প্রাণ হারায়। সরকারের কঠোর অবস্থানের কারণে আন্দোলন আরও প্রবল হয়ে উঠেছিল। যা ২০২৪ সালের ৫ আগস্ট চূড়ান্ত রূপ লাভ করে।

এ ছাড়াও জুলাই মাসজুড়ে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পর্দায় থাকছে জুলাই গণঅভ্যুত্থানের ওপর আরও কয়েকটি বিশেষ অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে আলোচনা অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান, একক সংগীতানুষ্ঠান, সরাসরি গানের অনুষ্ঠান ‘তারুণ্যের জয়গান’ এবং বিশেষ থিম সংসহ বেশ কয়েকটি অনুষ্ঠান।