images

বিনোদন

পণ্ডিতদের নিয়ে বেফাঁস মন্তব্য সাই পল্লবীর

বিনোদন ডেস্ক

১৭ জুন ২০২২, ০৩:১৬ পিএম

দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর দুর্দান্ত অভিনয় গুণের কথা সবার জানা। এই প্রতিভার জোরেই তিনি ঠাঁই পেয়েছেন অসংখ্য অনুরাগীর হৃদয়ে। তবে সম্প্রতি কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে বেফাঁস মন্তব্যের কারণে বিপাকে পড়তে হয়েছে তাকে। থানায় অভিযোগ পর্যন্ত করা হয়েছে তার বিরুদ্ধে।

পল্লবী তার নতুন সিনেমা ‘বিরাতা পারভমে’র প্রচারণায় গিয়ে রাজনীতি নিয়ে একটি প্রশ্নের সম্মুখীন হন। সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি নিরপেক্ষ পরিবেশে বড় হয়েছি। বাম ও ডানপন্থীদের নিয়ে অনেক কিছু শুনেছি। কিন্তু কে ঠিক আর কে ভুল, তা বলতে পারব না । ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমায় দেখানো হয়েছে, কিভাবে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা করা হয়েছে। সম্প্রতি এক ব্যক্তি গরু নিয়ে যাচ্ছিলেন। তাকে মুসলমান বলে সন্দেহ করে হত্যা করা হয়েছে। হত্যার পর হামলাকারীরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়েছেন। কাশ্মীরের ঘটনার সঙ্গে এর কোনো ফারাক রয়েছে?”

Sai Pallavii

এদিকে পল্লবীর এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপরই তার বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা। কাশ্মীরি পণ্ডিত হত্যা ও গরু পাচার সন্দেহে মুসলমানের ওপর হামলা একই অপরাধ— এমন মন্তব্যে খুব ক্ষেপেছেন বজরং নামক রাজনৈতিক দলের নেতারা। হায়দরাবাদের সুলতানবাজার থানায় পল্লবীর নামে অভিযোগ দায়ের করেছেন তারা।

এ বিষয়ে সুলতানবাজার থানার পরিদর্শক পাল্লে পদ্মজা জানান, পল্লবীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এ সময় থানা থেকে আরও জানা যায়, পল্লবীর বক্তব্যের ভিডিওটি খতিয়ে দেখেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এখন পর্যন্ত পল্লবীর কোনো মন্তব্য পায়নি।

আরআর