Dhaka Mail Logo

বিনোদন

সাইফকে ছুরিকাঘাত, কেমন আছেন কারিনা? 

বিনোদন ডেস্ক

১৬ জানুয়ারি ২০২৫, ১২:৫২ পিএম

গভীর রাতে ঘরে ঢুকে সাইফ আলী খানকে ছুরির ছয় কোপ বসিয়েছে দুষ্কৃতিকারী। এরইমধ্যে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে নায়কের শরীরে। এভার প্রশ্ন কেমন আছেন সাইফের স্ত্রী কারিনাসহ পরিবারের বাকি সদস্যরা? 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরইমধ্যে এক বিবৃতি দিয়েছেন কারিনা। তার সহযোগী দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “কারিনা ও সাইফের বাড়িতে চুরির চেষ্টা চালানো হয় গতকাল রাতে। বাহুতে চোট লাগার কারণে সাইফ হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচার হচ্ছে। পরিবারের বাকি সকলে নিরাপদ। সংবাদমাধ্যম ও অনুরাগীদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। দয়া করে কোনো জল্পনা করবেন না। পুলিশ এরইমধ্যে তদন্ত শুরু করেছে। ধন্যবাদ।”

গতকাল বুধবার রাতে সাইফের বাড়ি পাহারার দায়িত্বে ছিলেন ৭ নিরাপত্তারক্ষী। তাদের চোখ ফাঁকি দিয়ে ঢোকে দুষ্কৃতিকারী। সিসিটিভি ফুটেজে কাউকে বাড়ির ভেতরে ঢুকতে দেখা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ডাকাতির উদ্দেশে ছোট নবাবের বান্দ্রার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিকারী। 

বাড়ি ঢুকতেই দুষ্কৃতিকারীকে দেখে ফেলেন পরিচারক। তিনি ঝগড়া বাঁধিয়ে দেন । বিষয়টি নজরে এলে তাদের শান্ত করার চেষ্টা করেন সাইফ। দুষ্কৃতিকারীকে বাধা দিতে গেলে ধস্তাধস্তি শুরু হয় নায়কের সঙ্গে। পরিবারের সদস্যদের রক্ষা করতে সাইফ নিরস্ত্র অবস্থায় বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে একাধিকবার ছুরির আঘাত করে দুষ্কৃতিকারী।

এ সময় ৬ বার ছুরি দিয়ে আঘাত করা হয় সাইফের বাহুতে। দুষ্কৃতিকারী পালিয়ে গেলে রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে।