Dhaka Mail Logo

বিনোদন

ঢালিউড: ব্যর্থতা দিয়ে বছর শুরু 

রাফিউজ্জামান রাফি

০৯ জানুয়ারি ২০২৫, ০৬:৩৬ পিএম

কয়েক বছর ধরেই ধুঁকে ধুঁকে চলছে ঢালিউড। উৎসবে (দুই ঈদ) কিছুটা অক্সিজেনের জোগাড় হয়। বাকি সময় কাটে শ্বাসকষ্টে। সদ্য বিদায়ী ২০২৪-এ-ও চিত্র ছিল একই। এবারও ব্যর্থতা দিয়ে হলো বছর শুরু। 

২০২৫-এর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মধ্যবিত্ত’। গেল ৩ জানুয়ারি আলোর মুখ দেখেছে ছবিটি। তবে দর্শক টানতে পারছে না। এরকমই জানালেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।

Photo-677767627cc7c

দর্শক খরার চূড়ান্ত পর্যায়ে আছে ‘মধ্যবিত্ত’— উল্লেখ করে ঢাকা মেইলকে তিনি বলেন, ‘‘একেবারেই ভালো যাচ্ছে না ছবিটি। দর্শক মোটেই আগ্রহ প্রকাশ করছেন না। এই মুহূর্তে ‘প্রিয় মালতী’ মোটামুটি  দর্শক টানছে। এর বাইরে কোনো বাংলা সিনেমা চলছে না।’’

আক্ষেপ করে এ কর্মকর্তা বলেন, ‘নতুন বছরের শুরুটা ব্যর্থতা দিয়ে হলো। বছরে দুই তিনটা বাংলা সিনেমা ব্যবসা করে। বাকি সময় এভাবেই লোকসান দিয়ে চলতে হয় আমাদের।’

কেরানীগঞ্জের লায়ন সিনেমাসেও দর্শক খরায় ভুগছে ‘মধ্যবিত্ত’। সেখানকার কাস্টমার কেয়ার থেকে আব্দুর রহমান বললেন, ‘ছবিটি ভালো যাচ্ছে না। দুই-চার জন করে দর্শক আসছেন। দেশের সার্বিক পরিস্থিতির কারণে কোনো সিনেমা চলছে না।’

madhyabitta-20250103141532

চিত্র ব্যতিক্রম নয় রাজধানীর বাইরের হলগুলোর ক্ষেত্রেও। দিনাজপুরের মডার্ন সি‌নেমা হলের ম্যানেজার রেজা বলেন, ‘অবস্থা সুবিধার না। ভালো যাচ্ছে না ছবিটি। হাতে গোনা দর্শক হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালের শোয়ে মাত্র আট জন ছিল। সিনেমা ভালো কিন্তু কেন যে দর্শক হচ্ছে না বুঝতে পারছি না। স্কুল-কলেজ ছুটি হয়ে গেছে। সবাই গ্রামের বাড়ি গেছেন। হয়তো সেকারণে দর্শক পাচ্ছে না ছবিটি।’

রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সে ছবিটি নিয়ে কোনো আগ্রহ প্রকাশ করেনি কেউ। তাই চলেনি কোনো শো। এরকম উল্লেখ করে আইটি ম্যানেজার ফাহিম হক আসিফ বলেন, ‘‘মধ্যবিত্ত’ নিয়ে আমাদের এখানে দর্শকের কোনো আগ্রহ নেই। বুঝতে পারছি না কী কারণে এরকম হলো। বিভিন্ন সিনেমার ক্ষেত্রে দর্শক ফোন করে বা এসে খোঁজ নেন। কিন্তু ‘মধ্যবিত্ত’ ও ‘নয়া মানুষে’র কথা একটা মানুষও জিজ্ঞেস করেনি। তাই শো-ও ওপেন হয়নি।

472998378_4022933084652365_1188822288166809509_n

তবে ছবিটি মোটামুটি চলছে বলে জানালেন উত্তরার ম্যাজিক মুভি থিয়েটারের ম্যানেজার রাফি। 

‘মধ্যবিত্ত’ তে অভিনয় করেছেন শিশির সরদার, মায়িশা প্রাপ্তি, প্রয়াত মাসুম আজিজ, বড়দা মিঠু, সমু চৌধুরী, এলিনা শাম্মি, ওমর মালিক, আমির সিরাজী, সোহেল রানা, শবনম পারভীন প্রমুখ। এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।