বিনোদন ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৫, ০২:০৪ পিএম
ভারতীয় অভিনেত্রী পুনম ধিল্লোঁর বাড়ি লুট হয়েছে। লক্ষাধিক মূল্যের হিরার গয়না, ঙ্গদ অর্থ হাতিয়ে নিয়েছে দুষ্কৃতিকারী। এরপর অভিনেত্রীর বাড়িতে বসেই করেছে পার্টি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে, পুনমের ফ্ল্যাট রং করার দায়িত্ব দেওয়া হয়েছিল এক ব্যক্তিকে। ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত রং করার জন্য দেওয়া হয়েছিল। অভিনেত্রী বাড়িটিতে বিশেষ একটা থাকেন না। তবে তার ছেলে আনমোল মাঝেমধ্যে যান ফ্ল্যাটে। কিন্তু তিনিও ওইসময়ে বাড়ি যাননি। এদিকে ফাঁকা ফ্ল্যাটের সুযোগ পেয়ে অভিনেত্রীরহিরার নেকলেস-সহ ৫০০ মার্কিন ডলার এবং ভারতীয় মুদ্রায় আরও ৩৫ হাজার টাকা হাতায় ওই রং মিস্ত্রি। তারপর সেখানে বসে ৯০০০ রুপি খরচ করে অন্য রং মিস্ত্রিদের সঙ্গে চলে পার্টি।
এদিকে ৫ জানুয়ারি দুবাই থেকে ফেরে অভিনেত্রীর ছেলে। এসময় বিষয়টি নজরে আসে তার। এরপরই থানায় মামলা দায়ের করেন তিনি।এরইমধ্যে অভিযুক্তকে আটক করেছে ভারতীয় পুলিশ। তবে খোয়া যাওয়া সব অর্থ ও গয়না উদ্ধার হয়নি।
এদিকে পুনম ক্ষুব্ধ হয়েছেন তার বাড়ির কেয়ারটেকারের ওপর। প্রশ্ন তুলেছেন, ‘কী করে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেওয়া হলো? তাও আবার কোনোরকম পরিচয়পত্র ছাড়াই। ভাগ্য ভালো সময় থাকতে পুলিশি পদক্ষেপের জন্য অনেক জিনিস ফেরত পাওয়া গেছে। নইলে বিক্রিও হয়ে যেতে পারত খোয়া যাওয়া জিনিসপত্র।’