images

বিনোদন

পঁচিশ সালটা বুঝেশুনে খেলতে চাই: ফারিন খান  

রাফিউজ্জামান রাফি

০১ জানুয়ারি ২০২৫, ০৩:৫৬ পিএম

পৃথিবী সূর্যকে প্রদিক্ষণ করতেই কালের গর্ভে হারিয়ে গেল ২০২৪ সাল। ক্যালেন্ডারের পাতা দখল করে নিল ২০২৫। বিশ্ব মেতে উঠল নতুন বছরের প্রথম প্রহর উদযাপনে।

নতুন উদ্যোমে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে বিভিন্ন আয়োজনে ইংরেজি নববর্ষ পালনে ষোলকলা পূর্ণ করেছে সবাই। এবার ছক কষার পালা। ঢাকা মেইলের সঙ্গে নতুন বছর নিয়ে পরিকল্পনা ভাগ করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ফারিন খান। ২০২৫ সালটা বুঝেশুনে খেলতে চান তিনি। 

465843969_3988533118045442_8480606529475412146_n

ফারিন বলেন, ‘২০২৫ সালে ভালো ভালো কাজ করতে চাই। ২০২৪-এ অনেক কাজ করেছি। কিন্তু মনে হয়েছে নতুন বছর কাজ বাছাইয়ের ক্ষেত্রে আরেকটু যত্নশীল হতে হবে। সব মিলিয়ে পঁচিশ সালটা বুঝেশুনে খেলতে চাই।’

গেল বছর বেশ কেটেছে উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘‘২০২৪ আমার বেশ ভালো কেটেছে। প্রচুর ব্যস্ত ছিলাম। ২০২৩ এর শেষের দিকে কাজল আরেফিন অমি ভাইয়ের ‘ফিমেলে’র মাধ্যমে নাটকে যাত্রা শুরু করি। এরপর থেকেই ব্যস্ততা শুরু। গেল বছরের পুরোটা ভরপুর ব্যস্ত ছিলাম।’’

469982164_4017167111848709_5623008223344123578_n

এমন কোনো অভিজ্ঞতা কি হয়েছে যা থেকে প্রাপ্ত শিক্ষা নতুন বছর পথ চলতে কাজে লাগবে— জানতে চাইলে ফারিন বলেন, ‘আমি হুটহাট মানুষকে বিশ্বাস করি। ২০২৪-এ বুঝতে পেরেছি সবাইকে এভাবে বিশ্বাস করা ঠিক না। এই শিক্ষাটা হয়েছে। যেটা ভবিষ্যতে কাজে লাগবে।’

সবশেষে নতুন বছরের ব্যস্ততার ফিরিস্তি দিয়ে এ তারকা বলেন, ‘২০২৫-এর প্রথম সপ্তাহ থেকে ব্যস্ত থাকব। বছরের শুরুতেই বড় একটি প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছি। যেটা নিয়ে অনেক পরিকল্পনা আছে। ফেস্টিভ্যালেও যাওয়া হবে। তবে নামটা এখনই বলা যাচ্ছে না। এছাড়া গুণী পরিচালকদের সঙ্গে কাজের ব্যাপারে কথা হচ্ছে। আমাকে সিনেমায় কবে দেখা যাবে সবাই জানতে চান। বছরের শেষের দিকে সেরকম একটি চমকও থাকবে।’