Dhaka Mail Logo

বিনোদন

নিজেকে নিয়ে ট্রল করলেন রিয়াজ

বিনোদন ডেস্ক

০৩ জুন ২০২২, ০৬:২৪ পিএম

মানুষ তার আবেগ দ্বারা নিয়ন্ত্রিত। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক রিয়াজও তার ব্যতিক্রম নন। আবেগের বশেই হয়ত এফডিসিতে গিয়ে সেদিন হাউমাউ করে কেঁদেছিলেন। এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ট্রলের শিকারও হয়েছিলেন তিনি।

সেসময় এ ব্যাপারে রিয়াজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সম্প্রতি দেখা গেল সেই কান্নার ভিডিও দিয়ে তিনি  নিজেই নিজেকে নিয়ে ট্রলে মেতেছেন। এই ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সেখানে দেখা গেছে, একটি হলরুমে রিয়াজ চেয়ারে বসে আছেন। হঠাৎ পর্দায় তার সেই কান্নার ভিডিওটি চলতে থাকে। তা দেখে ক্ষেপে যান রিয়াজ। ‘স্টপ স্টপ…’ বলে তারস্বরে চেঁচাতে চেঁচাতে মঞ্চে ছুটে যান তিনি। মঞ্চে উপস্থিত ছিলেন ঢালিউডের আরেক নায়ক ফেরদৌস। বোঝা যায়, ভিডিওটি প্রদর্শনে তার ইশারা ছিল। এ সময় রিয়াজ ঠাস করে এক চড় মেরে বসেন ফেরদৌসকে।  

ভিডিওটি দেখে প্রথমে কেউ কেউ কিছুটা হকচকিয়ে যান। পরে সবাই বুঝতে পারেন ঘটনাটি সাজানো। সম্প্রতি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের রিহার্সেলের একটি অংশ ছিল এটি।  

শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুন পরিষদ থেকে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন রিয়াজ। সেসময় বাংলা চলচ্চিত্র ও শিল্পীদের দুরবস্থার কথা বলতে গিয়ে বেশকিছু শিল্পীর সামনে হাউমাউ করে কাঁদতে থাকেন এই নায়ক।

তার সেই কান্নার ভিডিও প্রকাশ পায় সামাজিক যোগাযোগমাধ্যমে। তা ছড়িয়ে পড়তেই দেখা যায়, রিয়াজের মনের কষ্ট বুঝতে নেট দুনিয়ার কোথাও কেউ নেই। এর আগে পর্দায় রিয়াজকে কাঁদতে দেখে অনেকে একাধিকবার কেঁদেছেন। এবার তারাও হাসতে থাকেন। নেটিজেনরা তাকে নিয়ে ট্রলে মেতে ওঠেন। এবার নিজেই নিজেকে নিয়ে ট্রল করলেন জনপ্রিয় এই নায়ক।

আরআর