images

বিনোদন

‘দরদ’-এর ৩ শোয়ের সব টিকিট কিনে নিলেন শাকিব খান 

বিনোদন ডেস্ক

২০ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম

গেল ১৫ নভেম্বর মুক্তির পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। শাকিবিয়ানরা ভিড় জমাচ্ছেন সিনেমা হলে। এবার ছবিটির তিন শোয়ের সব টিকিট কিনে নিলেন শাকিব খান।

আগামী ২২ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর সিনেপ্লেক্সের একটি ব্রাঞ্চে শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক- হারল্যানের সৌজন্যে দরদ’র একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। এ কারণে সিনেপ্লেক্সের তিন হলের সব টিকেট আগেই কিনে ফেলা হয়েছে।

জানা গেছে, শাকিব খান ছাড়াও বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেকে এই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত থাকবেন।

শাকিব বলেন, ‘প্রথমদিন থেকে দরদ দেখতে প্রেক্ষাগৃহে ছুটে আসছে দর্শক। তাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা। খেয়াল করছি বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউয়ে দর্শকদের অনুভূতি। সাধারণ দর্শকদের পাশাপাশি শাকিবিয়ানদেরও দরদ-ভরা ভালোবাসা।’

সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। এতে শাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। আরও রয়েছেন বাংলাদেশের সাফা মারওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী, রাহুল দেব প্রমুখ। ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।