বিনোদন ডেস্ক
১২ নভেম্বর ২০২৪, ০১:০৩ পিএম
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রশংসায় ভাসছেন। এবার ফারুকী জানিয়েছেন, তাকে সাহস জুগিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার এক মন্ত্রী, যিনি তার কর্মজীবন ও দেশের সংস্কৃতির প্রতি ভালবাসা দেখে তাকে মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য উৎসাহিত করেছিলেন।
উপদেষ্টা হওয়ার পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বিনোদন বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটিকে প্রতিক্রিয়া জানিয়েছেন এই নির্মাতা। তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তাকে অনুপ্রাণিত করেছে কোরীয় নির্মাতা লি চ্যাং-ডং। ‘গ্রিন ফিশ’, ‘ওয়েসিস’, ‘সিক্রেট সানশাইন’ ছবিগুলোর এই নির্মাতা ২০০৩-২০০৪ সালে কোরিয়ার সংস্কৃতি ও পর্যটনমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ফারুকী বলেন, ‘দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আমার অন্যতম প্রিয় নির্মাতা লি চ্যাং-ডংয়ের কাছ থেকে সাহস পেয়েছি। মনে হয়েছে, ঠিক আছে। তিনি যদি সেখান থেকে ফিরে নিজের স্বাধীন চিন্তা অব্যাহত রাখতে পারেন, হয়তো আমিও পারব।’
রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।
ফারুকী বলেন, প্রফেসর ইউনূসের কলিগ হওয়া খুবই লোভনীয় বিষয়, না বলাটাই মুশকিল। আমি আশা করি, যে কদিন কাজ করবো, কিছু পরিবর্তন ঘটাতে পারবো। পরিবর্তন ঘটাতে পারলেই আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি, তা সফল হবে।