images

বিনোদন

কবে আসছে কোক স্টুডিও বাংলার গান? 

বিনোদন প্রতিবেদক

১৯ অক্টোবর ২০২৪, ০৭:০৩ পিএম

চলতি বছরের এপ্রিলে শুরু হয় কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের যাত্রা। ‘তাতি’, ‘মালো মা’র পর ২৫ মে প্রকাশ পায় ওয়ারফেজ ব্যান্ডের ‘অবাক ভালোবাসা’ গানটি প্রকাশ পায়।

এরপর প্রায় পাঁচ মাস হয়ে গেল পরবর্তী গান প্রকাশ করেনি কোক স্টুডিও বাংলা। এ অবস্থায় অনেকের প্রশ্ন, কবে আসবে চতুর্থ গানটি? জবাব দিলেন কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।

ঢাকা মেইলকে তিনি বলেন, ‘এ বছর বোধহয় আসবে না। নতুন বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে আসার সম্ভাবনা বেশি। তবে বলা যায় না। ডিসেম্বরের দিকে ছেড়েও দিতে পারে। তবে সে সম্ভাবনা খুবই কম।’

437942658_433223199300129_222457348253081778_n

দেশে উদ্ভূত পরিস্থিতির (জুলাই বিপ্লব, বন্যা) কারণে গান প্রকাশে বিলম্ব হচ্ছে বলে জানালেও অর্ণব জানালেন না চতুর্থ গানটি সম্পর্কে। রহস্য জমিয়ে রাখলেন। বললেন, ‘এই মুহূর্তে বলতে চাইছি না।’ 

তৃতীয় সিজনের প্রথম গান ‘তাতি’তে কণ্ঠ দিয়েছিলেন অর্ণব, গঞ্জের আলী ও ওলি বয়। সঙ্গে ছিলেন জয়া আহসান। দ্বিতীয় গান ‘মালো মা’র সংগীত পরিচালনায় ছিলেন প্রীতম হাসান। প্রীতমসহ কণ্ঠ দিয়েছিলেন সাগর দেওয়ান, আরিফ দেওয়ান ও র‍্যাপার আলী হাসান। 

তৃতীয় গান ‘অবাক ভালোবাসা’র সংগীতায়োজন ও পারফরম্যান্সে ওয়ারফেজের পাশাপাশি ছিল কোক স্টুডিও বাংলা টিম। সংগীত প্রযোজনায় ছিলেন তৃতীয় সিজনের সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব, শেখ মনিরুল আলম টিপু ও সামির হাফিজ। তিনটি গান লুফে নিয়েছেন শ্রোতারা।