Dhaka Mail Logo

বিনোদন

স্বামী রণবীরের হাত ধরে উঠে আসা নায়িকার কাছে আলিয়ার হার! 

বিনোদন ডেস্ক

১৩ অক্টোবর ২০২৪, ০২:০৩ পিএম

এক যুগ ধরে বলিউডে বিচরণ আলিয়া ভাটের। পেয়েছেন বি-টাউনের সফলতম অভিনেত্রীর তকমা। এবার তাকে পেছনে ফেলে দিলেন দুদিন ধরে জনপ্রিয়তা পাওয়া তৃপ্তি দিমরি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শুক্রবার (১১ অক্টোবর) একইদিনে মুক্তি পেয়েছে আলিয়ার জিগরা এবং তৃপ্তির ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও সিনেমা দুটি। আয়ের দিক থেকে তৃপ্তির সঙ্গে প্রতিযোগিতা করে পেরে ওঠেননি আলিয়া। তার ছবি প্রথম দিন ঘরে তুলেছে ৪ কোটি ২৫ লাখ রুপি। অন্যদিকে ৫ কোটি ২০ লাখ রুপি আয় করেছে তৃপ্তির ছবি। 

আলিয়ার জিগরা অ্যাকশনধর্মী সিনেমা। তৃপ্তির ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও কমেডিধর্মী। আরও আছেন রাজকুমার রাও। দুজন মিলে আলিয়ার অস্তিত্ব যে এভাবে ছোবল দেবেন তা ভাবতে পারেননি অনেকে।

তৃপ্তির উত্থান রণবীর কাপুরের হাত ধরে। তার অ্যানিমেল সিনেমায় দ্বিতীয় নায়িকা হিসেবে ছিলেন। শয্যা দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন। তারপর থেকেই জনপ্রিয়তার সূচক ঊর্ধ্বমুখী এ অভিনেত্রীর। এবার স্বামীর হাত ধরে জনপ্রিয়তা পাওয়া তৃপ্তির কাছে নাকানি-চুবানি খেতে হচ্ছে আলিয়াকে। 

এদিকে আলিয়ার পাশে বরাবরের মতোই আছেন করণ জোহর। এরইমধ্যে ছবিটি কেন্দ্র করে তিনি তুমুল ঝগড়া বাঁধিয়েছেন দিব্যা খোসলা কুমারের সঙ্গে। কেননা দিব্যা অভিযোগ এনেছেন জিগরার সব টিকিট আলিয়া কিনেছেন। কোনো দর্শক আসেনি ছবিটি দেখতে। এরপরই সরব হন করণ।