images

বিনোদন

ফেসবুকে পরিচয়, অতঃপর নায়িকা

বিনোদন প্রতিবেদক

২৬ মে ২০২২, ০৪:১৫ পিএম

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় রাস্তা নামক একটি চলচ্চিত্র নির্মাণ করা হবে— খবরটি গত বছরের। সেসময় ছবির নায়ক হিসেবে সিয়াম আহমেদ ও নির্মাতা হিসেবে রায়হান রাফির নাম ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু কৌতূহল জমিয়ে রেখেছিল নায়িকার বেলায়। সিয়ামের বিপরীতে কোন নায়িকা থাকছেন— এ নিয়ে কোনো কথা বলেনি তারা।

সম্প্রতি সেই কৌতূহলের অবসান ঘটল। জানা গেল, সিয়ামের হাত ধরে রাস্তায় হাঁটবেন নবাগতা স্নিগ্ধা চৌধুরী। বুধবার (২৫ মে) খবরটি জানানো হয়েছে জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সেখানে স্নিগ্ধার একটি ছবি প্রকাশ করে লেখা হয়েছে, ‘রাস্তা সিনেমায় সিয়ামের বিপরীতে নায়িকা হয়ে আসছেন সুন্দরী তরুণী স্নিগ্ধা।’

Snigdha chowdhury

তবে চলচ্চিত্রে নতুন হলেও স্নিগ্ধা এ দেশের শোবিজ অঙ্গনে পুরনো। কয়েকবছর ধরে কাজ করছেন মডেল হিসেবে, হাঁটছেন র‍্যাম্পে। চলচ্চিত্র ছিল তার স্বপ্ন। এমনটা উল্লেখ করে তিনি গণমাধ্যমকে বলেন, ‘চার বছর ধরে মডেলিং করছি। স্বপ্ন ছিল ভালো কিছু করব। সেই স্বপ্ন পূরণে এগিয়ে এলো জাজ।’

জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে রায়হান রাফির বন্ধু তালিকায় ছিলেন স্নিগ্ধা। রাস্তা সিনেমার জন্য নতুন মুখ খোঁজা হচ্ছে জানতে পেরে রাফির সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরে তার মাধ্যমেই তিনি চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত হন।

Snigdha Chowdhury

তবে নির্মাতার সঙ্গে পরিচয়ের কারণেই যে নায়িকা হতে পেরেছেন বিষয়টা এমন না উল্লেখ করে তিনি বলেন, ‘রায়হান রাফিকে আমার আগ্রহের কথা জানিয়েছিলাম। পরে পরিচালক ও প্রযোজকের কাছে আলাদাভাবে অডিশন দিয়েছি। বেশ কয়েকবার অডিশন দিতে হয়েছে আমাকে।’

নিজের প্রথম চলচ্চিত্রে জাজ মাল্টিমিডিয়া সিয়াম ও রায়হান রাফিকে পেয়ে এই সুন্দরী মনে করছেন সিনেমাটির মাধ্যমে ঢালিউডে রাজকীয় অভিষেক হচ্ছে তার।

আরআর/আরএসও